হোয়াইটওয়াশ বোঝেন না অশ্বিন!
রবিচন্দ্রন অশ্বিন খেলাটা খুব ভালো বোঝেন, খেলা নিয়ে বলেনও ভালো। মহেন্দ্র সিং ধোনির জমানায় গত কয়েক বছরে সবচেয়ে বেশিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন সম্ভবত তিনিই। অথচ ক্রিকেটের এই মনোযোগী ছাত্র কিনা ‘হোয়াইটওয়াশ’ বোঝেন না!
শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে অশ্বিনের প্রতিক্রিয়াটা ছিল অনেকটা ওইরকমই। বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের অপেক্ষা হ্যাটট্রিক হোয়াইওয়াশের জন্য। জিম্বাবুয়ে ও পাকিস্তানের পর এখন ভারতকেও সিরিজের সব ম্যাচে হারানোর হাতছানি বাংলাদেশের সামনে। ম্যাচের আগের দিন মঙ্গলবারের সংবাদ সম্মেলনে প্রশ্নটা অবধারিতভাবেই উঠল।
শুনে যেন আকাশ থেকে পড়লেন অশ্বিন, “হোয়াইটওয়াশ? হোয়াইটওয়াশ কি!”
যখন বুঝিয়ে বলা হলো হোয়াইটওয়াশ কোনটিকে বলে এবং বলা হলো বাংলাদেশে এটিকে ‘বাংলাওয়াশ’ বলে, তখন অশ্বিনের মুখে মৃদু হাসি।
“আমরা চেষ্টা করব সেরা একাদশ খেলানোর। চেষ্টা করব জিততে এবং বাংলাওয়াশ এড়িয়ে যেতে।”
