২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কি করেছেন বোঝেননি মুস্তাফিজও!

ভারতের ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। নাড়িয়ে দিয়েছেন বিশ্ব ক্রিকেট। রাতারাতি বদলে গেছে জগৎ। কিন্তু সতীর্থদের মাঝে এখনও তিনি সাতক্ষীরার সেই সহজ-সরল ছেলে। সতীর্থ নাসির হোসেনের ধারণা, নিজের কীর্তিটাও এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেননি মুস্তাফিজ!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 08:46 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ক্যারিয়ারের শুরুতেই রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন মুস্তাফিজ। প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে লিখেছেন নতুন ইতিহাস। ম্যাচসেরা হয়েছেন দুই ম্যাচেই। আধুনিক ক্রিকেটে প্রায় হারিয়ে যেতে বসা কাটার আবার ফিরিয়ে এনেছেন ক্রিকেটে। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পর্যন্ত স্বীকার করেছেন মুস্তাফিজের সামনে নিজেদের অসহায়ত্ব।

পারফরম্যান্সে আকাশ ছুঁলেও মুস্তাফিজের পা মাটিতেই আছে। তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে নাসির হোসেন জানালেন মাঠের বাইরের মুস্তাফিজের কথা।

“দুই ম্যাচেই আসলে আমাদের কাজের ৮০ শতাংশ মুস্তাফিজ একাই করে দিয়েছে। তবে রেকর্ড নিয়ে ওর আলাদা ভাবনা নেই। সে এখনও বুঝেও উঠতে পারেনি যে কী করে ফেলেছে। আশা করি, পরের ম্যাচে সে আরও ভালো করবে।”