বাদ পড়ে ‘সিরিয়াস’ নাসির
দলে জায়গা হারিয়ে কারও ক্যারিয়ার পথ হারায়। কেউ আবার ফেরেন আরও পোক্ত হয়ে, পরিণত হয়ে। নাসির হোসেন আপাতত দ্বিতীয় দলে। বাজে সময়টা থেকে অনেক শিক্ষা নিয়েছেন, দাবি এই অলরাউন্ডারের।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক থেকেই নিজের আলাদা জায়গা করে নেন নাসির। খুব দ্রুতই পরিচিত হয়ে ওঠেন ‘ফিনিশার’ হিসেবে। অপরিহার্য হয়ে ওঠেন সব সংস্করণেই। কিন্তু একটা সময় পথ হারিয়ে ফেলেন। টানা বাজে পারফরম্যান্সে গতবছর জিস্বাবুয়ে সিরিজে ছিটকে পড়েন বাংলাদেশ দল থেকে।
ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সে আবার দলে ফিরেছেন বিশ্বকাপ দিয়ে। ফেরার পর তার বদলে যাওয়াটাও চোখে পড়েছে অনেকের। আগের নাসিরের চেয়ে এই নাসির অনেক বেশি পরিণত। ব্যাটিং পাচ্ছেনই না প্রায়, বোলিং আর ফিল্ডিং দিয়ে তবু দলে অবদান রেখে চলেছেন। আচরণেও অনেক সংযত।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে নাসির জানালেন, খারাপ সময়টাই আরও শক্ত করেছ তাকে।
“দল থেকে বাড় পড়লে কারও ভালো লাগে না। আমারও অনেক খারাপ লেগেছে সেই সময়। তবে এখন বুঝি ওটা এক দিক থেকে ভালোও হয়েছে। ওই সময়টায় আমি অনেক শিখেছি। তারপর থেকে অনেক সিরিয়াস হয়েছি। কখনও কখনও নেগেটিভ বিষয় থেকেও অনেক পজিটিভ কিছু আসে।”
