২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের অভ্যাস ধরে রাখতে চায় বাংলাদেশ

ওয়ানডেতে এখন বদলে গেছে বাংলাদেশ, তৈরি হয়েছে জেতার অভ্যাস। আর দলের এই অভ্যাস ধরে রাখতে চাওয়ার কথা জানিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 07:39 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

গত বছরের শুরুটা ভীষণ বাজে হয়েছিল বাংলাদেশের। জিম্বাবুয়ে সিরিজের আগে ১৩টি ওয়ানডে খেলে ১২টিতেই হেরেছিল তারা, অন্য ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এই হারের একটি ছিল আবার আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে।

বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জেতার পর থেকে সাফল্যের পথেই আছে বাংলাদেশ। সেই সিরিজ থেকে এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে খেলে ১৩টিতে জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল।   

নাসির মনে করেন, অনেক দিন ধরে একটা দল হিসেবে খেলায় ওয়ানডেতে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে বাংলাদেশ।

“আমার মনে হয়, বাংলাদেশ এখন খুব ভালো একটা দল হয়ে গেছে। সবচেয়ে বড় কথা জয়ের একটা অভ্যাস তৈরি হয়েছে। শেষ কয়েকটা সিরিজে আমরা ভালো করেছি। এটাই ধরে রাখার চেষ্টা করছি।”

দেশের মাটিতে টানা ১০ ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। এই সময়ে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজে সব ম্যাচ জিতেছে স্বাগতিকরা।

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে হারের পর পাকিস্তান সিরিজে আবার জয়ের ধারায় ফেরে বাংলাদেশ। পাকিস্তান-ভারতের বিপক্ষে টানা পাঁচ ওয়ানডেতে জেতা বাংলাদেশ অপেক্ষায় আছে আরেকটি বাংলাওয়াশের।