জুটি ভাঙার উচ্ছ্বাস নাসিরের
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে নাসির হোসেনের। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ১০ ওভারের কোটা পূরণ করার পথে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে ফেরানো এই অফস্পিনার জানিয়েছেন, প্রয়োজনের সময় দলকে ‘ব্রেক থ্রু’ এনে দিতে পেরে খুশি।
দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর কোহলি ও ধাওয়ানের ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। কোহলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৭৪ রানের জুটি ভাঙেন নাসির। এই অফস্পিনার জানান, বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙা খুব দরকার ছিল তখন।
“একটা ভালো বল বিশ্বের সবচেয়ে বড় ব্যাটসম্যানের জন্যও খুব কঠিন। ওই সময়ে একটা জুটি গড়ে উঠছিল; তাই একটা ‘ব্রেক থ্রু’ খুব দরকার ছিল, এ জন্য উইকেট পেয়ে ভালো লেগেছিল।”
কোহলির পর সেই ম্যাচে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ধাওয়ানকেও ফেরান নাসির।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, অন্যরা নাসিরকে অনিয়মিত স্পিনার মনে করলেও তিনি তাকে বাংলাদেশের সেরা অফস্পিনার হিসেবেই দেখেন। নাসিরকে দিয়ে নিয়মিত ১০ ওভার বল করানোর পরিকল্পনার কথা জানান স্বাগতিক অধিনায়ক।
