শাহজালাল বিমানবন্দরে ছিনতাইয়ের শিকার প্রবাসী, নারী আটক
অপর দুই নারী পালিয়ে গেছেন।
প্রবাস থেকে দেশে ফিরেই ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন একজন। মুহূর্তেই ছিনিয়ে নেওয়া হয় তার স্মার্টফোন, পকেট থেকে খোয়া যায় নগদ ১০ হাজার টাকা।
তবে সেখানকার আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চক্রের এক নারী সদস্য হাতেনাতে আটক হন; উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া স্মার্টফোনটি।
শুক্রবার রাত ২টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির সহকারী পরিচালক (গণসংযোগ কর্মকর্তা) নাজমুস সাকিব।
শনিবার বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব থেকে আসা প্রবাসী সুমন মিয়া বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিজের মালামাল রেখে ডলার ভাঙানোর জন্য ভেতরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এলে তার কাছে সাহায্য চান তিন নারী।
আনসার বাহিনী বলছে, সুমন মিয়া সহায়তা করতে অস্বীকৃতি জানালে ওই নারীদের একজন কৌশলে তার পকেট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। অপরজন হাত থেকে স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ক্যানোপি-২ এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইনচার্জ এপিসি মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওই এলাকার ইনচার্জ পিসি মো. আনিছের নেতৃত্বে একটি দল চক্রের সদস্য পাখিকে (২২) হাতেনাতে আটক করে।
তার কাছ থেকে প্রবাসীর স্মার্টফোনটি উদ্ধার করা সম্ভব হলেও অপর দুই নারী নগদ টাকা নিয়ে পালিয়ে যান। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলেছে।
