এখনও বড় দল নয় বাংলাদেশ: নাসির
কয়েকবছর আগেও বড় দলগুলিকে বাংলাদেশ হারাতে পারত মাঝেমধ্যে। এখন হারাচ্ছে নিয়মিতই। বলা হচ্ছে এক সময়ের ‘জায়ান্ট কিলার’ এখন হয়ে উঠেছে ‘জায়ান্ট।’ তবে নাসির হোসেনের ধারণা, বড় দল হয়ে উঠতে এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে।
গতবছরের অক্টোবর-নভেস্বরে জিম্বাবুয়ে সিরিজ থেকেই ওয়ানডেতে টানা সাফল্য পেয়ে চলেছে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় এখন র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছে মাশরাফিদের সামনে। তবে তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাসির বললেন, হোয়াইটওয়াশ করতে পারলেও বাংলাদেশকে বড় দল হিসেবে ধরাটা ঠিক হবে না।
“আমি এখনও বলব না আমরা বড় দল হয়ে উঠেছি। এখনো পুরোপুরি আমরা বড় দল হয়ে উঠতে পারিনি। কারন আমরা হোম কন্ডিশনে খেলছি। এটা বড় ব্যাপার।”
বড় দল হয়ে উঠতে হলে কি করতে হবে, সেটাও বলেছেন এই অলরাউন্ডার।
“বড় হতে হলে নিয়মিতভাবে দুই তিন বছর আমাদের এরকম খেলতে হবে। তারপর মনে হবে, আমরা হয়তো ভালো অবস্থানে আছি।”
