কোচ আসে কোচ যায়, ঋণ বাড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের
মাউরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেওয়ার পর, গত এক যুগে কোচ নিয়োগ ও ছাঁটাই ইস্যুতে ম্যানচেস্টার ইউনাইটেডের মোটা অঙ্কের ঋণের বিষয়টিও এসেছে আলোচনায়।
একে তো মাঠে সময় ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের, তার ওপর বাড়ছে ঋণের বোঝা। মাউরিসিও পচেত্তিনোকে কোচ করে আনার পর দলটির ঋণ বেড়েছে আরও।
ইংল্যান্ডের গণমাধ্যমের খবর, আর্জেন্টাইন কোচকে দায়িত্ব দেওয়ার তিন দিন পর, আরও এক কোটি পাউন্ড ঋণ নিয়েছে ইউনাইটেড। কোচ আসা-যাওয়ার খরচ মেটাতেই দলটির খরচের অঙ্ক দাঁড়িয়েছে ১০ কোটি পাউন্ডের কাছাকাছি!
শেয়ার বাজারের বৃহস্পতিবার প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক হিসাবে জমা দেওয়া বিস্তারিত নথিতে ইউনাইটেড কর্তৃপক্ষ জানিয়েছে, পচেত্তিনোকে নিয়োগ দেওয়ার জন্য তাদেরকে ইউএস সকারকে (যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থা) ক্ষতিপূরণ বাবদ ৭৫ লাখ পাউন্ড পরিশোধ করতে হবে।
গত ১৩ নভেম্বর আড়াই বছরের চুক্তিতে পচেত্তিনো দায়িত্ব নিতে সম্মত হয়েছেন বলে জানায় ইউনাইটেড কর্তৃপক্ষ। এর তিন দিন পর এক কোটি পাউন্ড ঋণ নেয় ক্লাবটি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পচেত্তিনোর চুক্তি ভাঙতে যে অর্থ ব্যয় হয়েছে, তা যোগ করলে ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর থেকে কোচ নিয়োগ ও বরখাস্তের (ক্ষতিপূরণ) পেছনে ক্লাবটির মোট ব্যয়ের পরিমাণ সাড়ে ৯ কোটি পাউন্ড।
তবে, এর সঙ্গে পচেত্তিনোর স্টাফদের নিয়োগ এবং সবশেষ কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করার খরচ যোগ করলে কেবল এই খাতেই ব্যয়ের অঙ্ক ১০ কোটি পাউন্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দলের বিবর্ণ পারফরম্যান্সের জেরে গত সপ্তাহে ক্যারিককে ছাঁটাই করে ইউনাইটেড। এ মুহূর্তে লিগ টেবিলে ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে তারা, তলানির দল থেকে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে। গত ৪০ বছরের মধ্যে মৌসুমের সবচেয়ে বাজে শুরুর তেতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে ইংল্যান্ডের সফলতম দলটি।
গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইউনাইটেডের দায়িত্ব ওঠে ক্যারিকের কাঁধে। প্রথম ধাপে তিনি দায়িত্বটা সফলভাবেই পালন করেন। ফলে, তার সাথে গ্রীষ্মে দুই বছরের নতুন চুক্তি করে ইউনাইটেড। কিন্তু এ মৌসুমে ক্যারিক পারেননি দলকে পথ দেখাতে।
ফার্গুসনের অবসরের পর, পচেত্তিনো হলেন ইউনাইটেডের নবম পূর্ণকালীন কোচ (২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া রালফ রাংনিকসহ)। গত তিন মৌসুমে প্রতিটির মাঝামাঝি দলটি কোচ বদল করেছে। এ মৌসুমেও কোচ বদলের ‘রেওয়াজ’ অব্যাহত থাকায়, খরচ ও ঋণের অঙ্কেও বাড়ছে ইউনাইটেডের।
