ভারতকে বিন্দুমাত্র ছাড় দেবে না মাশরাফিরা
নিয়মরক্ষার ম্যাচেও নিজেদের সেরা খেলাটা দেখতে চায় বাংলাদেশ। তাই তৃতীয় ও শেষ ম্যাচে ভারত কোনো ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বাগতিক অলরাউন্ডার নাসির হোসেন।
ভারতকে প্রথম ম্যাচে ৭৯ রানে ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা স্বাগতিকদের মনোযোগ এখন ভারতকে হোয়াইটওয়াশ করার দিকে।
শেষ ওয়ানডের আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে এসে শুরুতেই নিজেদের মধ্যে আলোচনা করেন মাশরাফিরা।
পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা নাসির জানান, আলোচনায় বলা হয়, প্রথম দুই ম্যাচে হারলে দল যেমন চাপে থাকত, তৃতীয় ম্যাচে ঠিক সেই চাপ আছে মনে করেই খেলতে হবে।
“আমরা ঠিক সেভাবেই যেন জেতার জন্য খেলি। সবাই যেন ‘সিরিয়াস’ থাকে। ওদের বিন্দু পরিমাণও ছাড় দেওয়া যাবে না।”
অলরাউন্ডার নাসির জানান, তারা জানেন তৃতীয় ওয়ানডেতে মরিয়া হয়ে খেলবে ভারত। তবে এ নিয়ে মোটেও ভাবছে না স্বাগতিকরা। তাদের ভাবনা জুড়ে কেবল নিজেদের খেলা।
“কে কি পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করল, এটা দেখার বিষয় নয়। আমরা কি করছি সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারেরই আলাদা আলাদা ভূমিকা আছে, আমরা নিজেদের ভূমিকা মাঠে পালনের চেষ্টা করব।”
