মুস্তাফিজের সামনে চ্যালেঞ্জ দেখছেন অশ্বিন
অভিষেকেই মুস্তাফিজুর রহমানের চমক জাগানিয়া পারফরম্যান্সে মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিন। তবে ভারতের এই স্পিনারের ধারণা, মুস্তাফিজের আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে।
ভারতের বিপক্ষে দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন মুস্তাফিজ। তার বোলিং ও পরিণত মস্তিষ্ক চমকে দিয়েছে সবাইকে। এতটা সাড়া জাগানো না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের পথচলার শুরুটাও ছিল দারুণ। কিন্তু পরে সেই শুরুর সঙ্গে তাল মেলাতে পারেননি তিনি। দল থেকে বাদও পড়েছিলেন। পরে আবার দলে ফিরে এসেছেন।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজের উদাহরণ দিয়েই মুস্তাফিজের ভবিষ্যত নিয়ে কথা বললেন অশ্বিন।
“সে খুবই ভালো বোলার। আমিও তার জন্য খুশি। কিন্তু ওর চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটা আমার চেয়ে ভালো আর কে জানে! সবাই এখন ওর বোলিং নিয়ে কাঁটাছেড়া করবে, গবেষণা করবে।”
