২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের বসরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪

অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ইরাকের বসরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 04:28 PM

Updated : 21 Nov 2026, 04:38 PM

দক্ষিণ ইরাকের বসরায় একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) বরাতে শনিবার এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হারথা বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এনেছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর।

অগ্নিকাণ্ডের পর ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ওই বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী উঠতে এবং পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। এ সময় জরুরি উদ্ধার তৎপরতা ঘিরে সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ে।

তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কয়েক দশক ধরে অপর্যাপ্ত বিনিয়োগ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে। বিশেষ করে তীব্র গরমের মাসগুলোতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে।

এর আগেও দেশটির বিভিন্ন উপকেন্দ্র ও বিদ্যুৎ স্থাপনায় অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে।