কলকাতায় হোটেলে আগুন: ‘ইজারাদার জাফর হচ্ছেন প্রধান আসামি’
বাংলাদেশিসহ নয়জনের প্রাণহানির এ ঘটনায় মামলা করে নিউ মার্কেট থানা পুলিশ।
কলকাতার নিউ মার্কেটে শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী সপ্তাহে অভিযোগপত্র জমা দিতে পারে কলকাতা পুলিশের বিশেষ তদন্ত দল (এসআইটি)।
অভিযোগপত্রে হোটেলটি ইজারা নেওয়া ব্যক্তিকে প্রধান আসামি করা হতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
গত ১৯ অগাস্ট মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। এতে আট অতিথি ও হোটেলের এক কর্মীসহ নয়জন মারা যান। নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও ছিলেন।
ফরেনসিক প্রতিবেদনের বরাতে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় থাকা একটি বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। পুরনো ও ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশ বলেছে, হোটেলের ভেতরে দাহ্য উপকরণ দিয়ে তৈরি সাজসজ্জা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করে। এতে ঘন বিষাক্ত ধোঁয়া তৈরি হয়, যা পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পর মামলা করে নিউ মার্কেট থানা পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, অভিযোগপত্রে হোটেলটি ইজারা নিয়ে পরিচালনা করা আবু জাফরকে প্রধান অভিযুক্ত করা হতে পারে।
সম্প্রতি গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী সাবা জাফর। হোটেলের মালিক বীরেশ্বর রায়কেও গ্রেপ্তার করা হয়েছে।
