১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কলকাতায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ ছিনতাইয়ের হুমকি, আতঙ্ক

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসম্বলিত একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়।

কলকাতায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ ছিনতাইয়ের হুমকি, আতঙ্ক

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 02:51 PM

Updated : 11 Nov 2026, 02:51 PM

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে।

এনডিটিভি জানায়, বুধবার এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটের একটি শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসম্বলিত একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়।

উড়োজাহাজটি তখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় শৌচাগারের আয়নায় লিখে রাখা হুমকির বার্তাটি নজরে আসে।

বিষয়টি জানার পর পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটিকে বিমানবন্দরের ‘আইসোলেশন বে’তে সরিয়ে নেওয়া হয়।

সেখানে নিরাপত্তা বাহিনী-সিআইএসএফ এবং এয়ারপোর্টের নিরাপত্তাকর্মীরা ব্যাপক তল্লাশি চালান।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা উড়োজাহাজের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখেন, তবে শেষ পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এনডিটিভি লিখেছে, কে বা কারা ওই হুমকির বার্তা লিখেছে এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা শনাক্ত করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এয়ারপোর্ট চত্বর ও উড়োজাহাজের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করছেন, যাতে হুমকির বার্তা লেখা ব্যক্তিকে শনাক্ত করা যায়।