কলকাতায় হোটেলে আগুন: মালিকসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং বিভিন্ন নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ গত অগাস্ট মাসে ভয়াবহ আগুনে ৫ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনার মামলায় অদালতে অভিযোগপত্র জমা দিয়েছে রাজ্য পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে এক পুলিশ কর্মকর্তা বলেন, “হোটেলের মালিক বীরেশ্বর রায়, হোটেলটি লিজ নেওয়া আবু জাফর এবং তার স্ত্রী সাবাহ জাফরের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
“তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং বিভিন্ন নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।”
কলকাতার ১৫এইচ মির্জা গালিব স্ট্রিটে গত ১৯ অগাস্ট রাতে একটি পুরনো পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ আগুন লাগলে তিন বছরের এক শিশুসহ ৫ বাংলাদেশিসহ মোট ৯ জন নিহত হয়।
কলকাতায় নানা কাজে ও ঘুরতে যাওয়া বাংলাদেশিদের সস্তায় থাকার জায়গা হিসেবে নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট পরিচিত। ফলে এসব এলাকায় নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য হোটেল।
পাঁচতলা ওই ভবনটিতে থাকা বেশ কয়েকটি ছোট হোটেলের মধ্যে ‘হোটেল শিখা ইন’ ছিল অন্যতম। ভবনটি ১৩ডি মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত পশ্চিমবঙ্গ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের সদর কার্যালয় থেকে মাত্র ৫০ মিটার দূরে এবং কলকাতা পৌরসংস্থা ও স্থানীয় নিউ মার্কেট থানার এক কিলোমিটারের মধ্যেই অবস্থিত।
ফরেনসিক প্রতিবেদনের বরাতে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় থাকা একটি বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। পুরনো ও ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হোটেলের ভেতরে দাহ্য উপকরণ দিয়ে তৈরি সাজসজ্জা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করে। এতে ঘন বিষাক্ত ধোঁয়া তৈরি হয়, যা পাঁচটি কক্ষে ছড়িয়ে যায়।
আগুনের এ ঘটনার পরের দিনে ‘হোটেল শিখা ইন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে নিউ মার্কেট থানা পুলিশ।
নিহত বাংলাদেশিরা হলেন- কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শিমমিন, তাদের তিন বছর বয়সি ছেলে স্বর্ণাশীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলী ও ঢাকার বাসিন্দা আহমেদ বাবু।
বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা জানান, দেবাশীষ দত্ত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন। বেঙ্গালুরু থেকে ফিরে পরিবারটি গত ১৮ অগাস্ট হোটেল শিখা ইনে উঠেছিল। ১৯ অগাস্ট ছিল তাদের বাংলাদেশে ফেরার দিন।
