সরকার একদলীয় শাসন কায়েম করছে: সিলেটে মঈন খান
সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশস্থল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন কায়েম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন এক পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে গণতন্ত্র নাই। তারা এক দলীয় শাসন কায়েম করছে। অতীতে তারা বাকশাল কায়েম করেছিল। এবার অলিখিত ভাষায় একদলীয় হয়ে কাজ করতে হবে – এমন পরিবেশ সৃষ্টি করে রেখেছে।”
“এখন দেশের মানুষ পরাধীন রয়েছে; মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলনে নেমেছি,” মন্তব্য করে মঈন খান বলেন, “বাংলাদেশের মানুষ অংশ নিয়েছেন। মানুষ আমাদের সহযোগিতা করছে। আমরা বিশ্বাস করি এবার আওয়ামী দুঃশাসনের পরিসমাপ্তি হবে।”
মঈন খান সিলেটকে ‘লাকি সেভেন’ উল্লেখ করে বলেন, “আমরা ইতোমধ্যে ছয়টি সমাবেশ করেছি। এতে দেশের মানুষ অংশ নিয়েছেন। কিন্তু শাহজালালের মাটিতে আমরা আগে সমাবেশ না করে সপ্তম সমাবেশ করছি। কারণ এই মাটি পবিত্র। ইনশাল্লাহ এই পবিত্র মাটিতে সমাবেশ সফল হবে। জনগণ এ সরকারকে বার্তা দেবে গণতন্ত্র ব্যতিরেকে বাংলাদেশ চলতে পারে না।”
এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
আগামী শনিবার নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ নানা প্রস্তুতি সম্পন্ন করেছে।
আরও পড়ুন:
