২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি নির্বাচনে জাপার মনোনয়ন প্রত্যাশী নজরুল

নগরী উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে অভিযোগ করে বাবুল মেয়র হতে পারলে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

সিলেট সিটি নির্বাচনে জাপার মনোনয়ন প্রত্যাশী নজরুল

সিলেট নগরীর একটি হোটেলে জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সঙ্গে সোমবার মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে যোগ দেন নজরুল ইসলাম বাবুল।

বাপ্পা মৈত্র

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 01:21 AM

Updated : 18 Apr 2023, 10:56 AM

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল।  

সোমবার বিকালে সিলেট নগরীর একটি হোটেলে জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিগত মেয়রদের সময়ে নগরী উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেন এবং তিনি মেয়র হতে পারলে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের নজরুল ইসলাম বাবুল বলেন, “আমি সিলেটের সন্তান। এই নগরীতে জন্মগ্রহণ করেছি, সিলেটেই বেড়ে উঠেছি। লেখাপড়া করেছি, ব্যবসা-বাণিজ্য ও রাজনীতি করেছি। সিলেট নগরীর আপামর জনসাধারণ আমাদের চেনে, আমিও সবাইকে চিনি।”

বিগত ২০ বছরে চারটি সিটি কর্পোরেশন নির্বাচন হলেও সিলেট মহানগরের আশানুরূপ উন্নয়ন হয়নি এবং নগরবাসীর উন্নয়নের লক্ষ্যে ক্ষমতার পরিবর্তন এখন সময়ের দাবি বলে তিনি মনে করেন।

বাবুল বলেন, সিলেট মহানগরবাসীর বর্তমানে প্রধান সমস্যা জলাবদ্ধতা; সিটি করপোরেশনের ড্রেনেজ সিস্টেমের অব্যবস্থাপনার কারণে অল্প বৃষ্টিতে মানুষের ঘরবাড়ি পানির নিচে চলে যায়।

“আমাকে আপনারা মেয়র হিসেবে নির্বাচিত করলে আমার প্রথম লক্ষ্য হচ্ছে নগরবাসীকে পানিবন্দি অবস্থা ও জলাবদ্ধতার অভিশাপ থেকে বের করে আনা।”

তিনি আরও বলেন, “আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আমি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে হাইকমান্ড থেকে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে আমি মাঠে কাজ করছি।”

সিলেট মহানগরকে একটি মডেল মহানগর হিসেবে গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং আপামর জনতার স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচনে মেয়র পদে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে হবে।”

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বশীর লস্করের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন।

এ ছাড়া দলের জেলা আহবায়ক সাব্বির আহমেদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক কামকুমার রাজ্জাক রুনু, মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ইমজার জ্যেষ্ঠ সহসভাপতি সজল ছত্রী, প্রত্যুষ তালুকদার, দিগেন সিংহ, সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিএনপি নির্বাচন করবে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দলের শীর্ষ নেতার সিগন্যাল পেয়েছেন বললেও সেটি ‘গ্রিন’ না ‘রেড’ পরিষ্কার নয়।  

আরও পড়ুন

‘বাইরের লোক’ আনোয়ারুজ্জামান সিলেট সিটি নির্বাচনে কতটা সফল হবেন

সিলেট সিটি নির্বাচন: এবার মিসবাহ সিরাজের প্রার্থিতার ঘোষণা

সিলেট সিটির প্রার্থী নিয়ে ‘তৎপরতার’ মধ্যে নগর আওয়ামী লীগের বিবৃতি

মেয়র আরিফকে নিয়ে শোভাযাত্রা; বললেন, ‘মানুষের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করব’

লন্ডন থেকে ‘সিগন্যাল’ নিয়ে ফিরছেন মেয়র আরিফ

নির্বাচনের আগে মেয়র আরিফ লন্ডনে, প্রার্থিতা নিয়ে জল্পনা

পুরনো খবর:

সিলেটে আনোয়ারুজ্জামানকে নিয়ে শোভাযাত্রা; বললেন, ‘কোনো বিভেদ নেই’