বান্দরবানে আবার ৪ শ্রমিককে ‘কেএনএফের অপহরণ’, দুজন ফিরেছেন
পুলিশ জানায়, শ্রমিকরা বগালেক পর্যটন এলাকায় একটি সেতুর নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
বান্দরবানের রুমা উপজেলায় অপহরণের শিকার চার শ্রমিকের মধ্যে দুজন ফিরে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে চারজনকে অপহরণের পর শনিবার তাদের মধ্যে দুজন ফিরে এসেছেন বলে জানান রুমা থানার ওসি মো. আলমগীর হোসেন।
তিনি আর বলেন, “অপহরণের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জড়িত বলে শুনেছি। অপহরণের বিষয়ে এখনও কেউ অভিযোগ করতে আসেননি।”
এর আগে ১৭ মার্চ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যসহ তিনজনকে অপহরণ করা হয়েছিল। পরে তারা ফিরে আসেন। তারা সড়ক নির্মাণ কাজে যুক্ত ছিলেন।
শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, বগালেক পর্যটন এলাকায় একটি সেতুর নির্মাণ কাজ চলছিল। সেখানে নয় শ্রমিক কাজ করছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে কাজে যোগদানের আগে চারজন শ্রমিক সেতু এলাকা থেকে একটু দূরে গিয়েছিলেন।
তখন অস্ত্রের মুখে শ্রমিক মো. আওয়াল, ইদ্রিস, রিপন বড়ুয়া ও মো. জসিমকে অপহরণ করে দুর্গম এলাকায় নিয়ে যাওয়া হয়। তবে তাদের অপহরণের বিষয়টি অন্য সহকর্মীরা জানতেন না। তারা ভেবেছিলেন, হয়ত কাজের ভয়ে চারজন পালিয়ে গেছেন।
শনিবার সকালে রিপন বড়ুয়া ও মো. জসিম ফিরে এলে অপহরণের বিষয়টি জানা যায়। তারা জানান, আওয়াল ও ইদ্রিসকে আটকে রাখা হয়েছে।
এ ব্যাপারে জানতে রুমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেনকে মোবাইলে কল করলেও তিনি তা রিসিভ করেননি।
আরও পড়ুন:
