শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি
তিন দিন আগে এক নারীকে নিয়ে হাসিবুল বালিশিরা রিসোর্টে ওঠেন বলে জানিয়েছেন এক কর্মচারী।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঘুরতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম।
হামলাকারী তাকে ‘জুলাই জঙ্গি’ বলে দা নিয়ে হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী।
তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন তিনি। হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফেইসবুকে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, অটোরিকশায় থাকা হাসিবুলকে এক ব্যক্তি ‘জুলাই জঙ্গি’ বলে বিভিন্ন মন্তব্য করছেন। এক পর্যায়ে ওই ব্যক্তি তার দিকে এগিয়ে গেলে হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড় দেন। ভিডিওর শেষাংশে ওই ব্যক্তির হাতে দায়ের ছায়া দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বালিশিরা রিসোর্টের এক কর্মচারী বলেন, তিন দিন আগে এক নারীকে নিয়ে হাসিবুল ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় রিসোর্টের সামনে তার ওপর হামলা হয়।
পরে হাসিবুল রিসোর্টে ফিরে এলে তার হাতে আঘাত দেখতে পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ তাকে ব্যান্ডেজ করে দেয়। পরে তিনি দুপুরের ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন বলে জানান ওই কর্মচারী।
এনসিপি সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রীতম দাস বলেন, “এটা খুবই দুঃখজনক। আমাদের ছাত্রশক্তির নেতা হাসিবুলের ওপর আক্রমণ হয়েছে। ঘটনার পর পর হাসিবুল কুমিল্লায় চলে গেছেন। এখন আবার সেখান থেকে ফিরছেন।”
তিনি ফিরলে শ্রীমঙ্গল থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন এনসিপি এই নেতা।
