১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‘নাশকতায়’ জড়িত অভিযোগে ঢাবি কর্মচারী সাময়িক বরখাস্ত

ওই কর্মচারী কয়েকজনকে বোমা মারার জন্য এক হাজার টাকা করে প্রস্তাব করেছিলেন, বলেন উপ-উপাচার্য (প্রশাসন) আলমোজাদ্দেদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 01:12 AM

Updated : 11 Nov 2026, 01:20 AM

ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে তৃতীয় শ্রেণির এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আমান উল্লাহ আমান নামের ওই কর্মচারীকে শোকজও করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী জানিয়েছেন।

শাস্তির মুখে পড়া আমান বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে নিম্নমান সহকারী পদে চাকরি করতেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপ-উপাচার্য আলমোজাদ্দেদী বলেন, “এস্টেট অফিসের একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা মারার জন্য এক হাজার টাকা করে প্রস্তাব দেয়। পরে এক কর্মচারী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়।

“প্রশাসন ওই কর্মচারীকে ডেকে পাঠালেও তিনি আসেননি। ফোন বন্ধ করে পলাতক অবস্থায় আছেন; কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।”

চেকপোস্ট বসবে ৬ প্রবেশপথে

বহিরাগতদের নিয়ন্ত্রণে ক্যাম্পাসের ছয় প্রবেশপথে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।