বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪৭
এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৪০ জন প্রাণ হারিয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৪৭ জন।
সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান।
মৃতরা হলেন- গৌরনদী উপজেলার শাহনাজ বেগম (৬৫), ভোলার লালমোহন উপজেলার ফরিদা বেগম (৩৭) ও মঠবাড়িয়া উপজেলার মো. শাহ আলম (৭৫)।
এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০ জন প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য পরিচালক শ্যামল জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ২৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭৬১ জন রোগী।
নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৪২ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন রোগী।
এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৫ জন, পটুয়াখালীতে ৩২, ভোলায় ২৭ ও পিরোজপুরে ৪১, বরগুনায় ৩৭ এবং ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে জানান শ্যামল।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৩ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪২২ জন।
এ ছাড়া মারা যাওয়া রোগীদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বরগুনা সদর হাসপাতালে তিন জন, পিরোজপুর সদর হাসপাতালে তিন জন এবং ভোলা সদর হাসপাতালে সাত জন চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন:
বরিশালে ডেঙ্গু কাড়ল আরও ৩ জনের প্রাণ
ডেঙ্গু: বরিশালে স্যালাইন সরবরাহ কম, বেশি দামে বিক্রির অভিযোগ
