২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ২৪ ঘণ্টায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ হল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 07:09 PM

Updated : 22 Aug 2023, 07:09 PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সময়ে এক বৃদ্ধা ও এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।

মৃত দুজন হলেন পুষ্প মণ্ডল (৬১) ও সুপ্তি (২১)। এরা দুজনের উজিরপুরের বাসিন্দা এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই মাসে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ হলো।

বর্তমানে বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, ছয় জেলাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোয় ১১ হাজার ৬৪৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৫৯ জন।

এখন পর্যন্ত মারা যাওয়া রোগীদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন, বরগুনা হাসপাতালে তিনজন, পিরোজপুরের হাসপাতালে দুইজন এবং ভোলা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।