ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই
এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে গত এক দিনে ১ হাজার ৯৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে গত এক দিনে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এইডিস মশাবাহিত রোগটিতে এ নিয়ে চলতি বছর ৪৯৯ জনের প্রাণ গেল।
আর গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৯৫২ জনকে নিয়ে চলতি বছর এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর রোববার জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
অপরদিকে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৮৭৩ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।
