২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ১৯২ জন রোগী বিভাগের সরকারি হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 06:39 PM

Updated : 23 Aug 2023, 06:39 PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় বরিশালে আরও তিনজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩।  

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। 

মৃতরা হলেন বরগুনা জেলার বেতাগীর হাসিনা (৬০), পটুয়াখালী জেলার দশমিনার রফিক (৩৬) ও ভোলা জেলার লালমোহনের আব্দুল হক (৭৫)।

এই চিকিৎসক বলেন, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ১৯২ জন রোগী বিভাগের সরকারি হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোয় ১১ হাজার ৮৩৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৩ জন। 

এ মুহূর্তে বিভাগের দুই মেডিকেল কলেজ, ছয় জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮১১ জন চিকিৎসাধীন।

এর মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন, বরিশাল সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৮ জন, পটুয়াখালী সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৬ জন, ভোলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪, পিরোজপুর সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪২, বরগুনা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৬ ও ঝালকাঠি সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসাধীন। 

এছাড়া যে ৩৩ রোগী মারা গেছেন তাদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জন, বরগুনা হাসপাতালে তিনজন, পিরোজপুরের হাসপাতালে দুইজন এবং ভোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চারজন। 

আরও পড়ুন:

পুরনো খবর:

বরিশালে ২৪ ঘণ্টায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু
বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু