বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালে এক নারীসহ আরও দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন।
শুক্রবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান।
মৃতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আব্দুর রহিম (৪৫) ও বরিশালের বানারীপাড়া উপজেলার সবিতা বৈরাগী (৫৫)।
শনিবার দুপুরে শ্যামল জানান, সবশেষ দুজনসহ এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, ভোলায় চার, বরগুনায় তিন ও পিরোজপুরে দুই জনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে বরিশালের দুইটি মেডিকেল কলেজ ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২৬৫ জন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৯১ জন রোগী।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৭ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন রোগী।
এদিকে বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৫১ জন, পটুয়াখালীতে ১৯, ভোলায় ৪১, পিরোজপুরে ৫০, বরগুনায় ৩১ ও ঝালকাঠিতে দুই জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার বেলা ১২ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১০ হাজার ৮৯২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন; আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৯৭৩ জন।
