২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৯ জন

এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৯ জন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 07:19 PM

Updated : 11 Aug 2023, 07:19 PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৬৯ জন।

বৃহস্পতিবার রাতে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মারা যান বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃত সাহিদা বেগম (৫৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য পরিচালক শ্যামল বলেন, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত বরিশাল বিভাগে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ১২ জন, ভোলায় ৩, বরগুনা ও পিরোজপুরে একজন করে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৬৪ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে আট হাজার ৬২৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৫২৯ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের জন্য ২০০ বেড করা হয়েছিল। পরে রোগী বেড়ে যাওয়ায় বিভিন্ন ওয়ার্ডে আরও বেড সংযুক্ত করা হয়। এ ছাড়া ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালে সর্বোচ্চ ৪০০ রোগীর সেবা দেওয়া সম্ভব; এর বেশি হলে সেবা দেওয়া দুরূহ হয়ে পড়বে বলে জানান সাইফুল ইসলাম।

আরও পড়ুন-

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

বরিশাল বিভাগে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু