২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 07:26 PM

Updated : 10 Aug 2023, 07:26 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বুধবার চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

মৃত রাশিদা বেগম (৫০) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১, ভোলায় তিন, পিরোজপুরে এক ও বরগুনায় একজন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে আমরা বলতাম ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। কিন্তু দুই স্থান থেকে পাঠানো নমুনা থেকে প্রমাণ পাওয়া গেছে এ অঞ্চলে এডিস মশার লার্ভা রয়েছে। তাই রোগীর সংখ্যা বাড়ছে।”

পটুয়াখালী ও পিরোজপুরের নেছারবাদ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত বেড়ে যাওয়ায় সেখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়; পরীক্ষায় ওই নমুনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানান তিনি।

শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও বলেন, “তাই আমরা নিশ্চিত এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে।”

মশা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০৫ রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে আট হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৩০০ জন।