ডেঙ্গু: বরিশালে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু
এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০১ ডেঙ্গু রোগী।
মৃতদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন এবং ভোলা সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান।
মৃতরা হলেন- ভোলার আলীনগর এলাকার আনোয়ারা বেগম (৬৫), বরিশালের গৌরনদী উপজেলার কৌশলা রানী (৬৫), ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার সনিয়া (২৩) ও বরগুনার গুদিঘাটা এলাকার আব্দুল ওহাব (৯১)।
স্বাস্থ্য পরিচালক শ্যামল জানান, গত ২৪ ঘণ্টায় মৃত চার জনের মধ্যে দুই জন বৃদ্ধা, একজন তরুণী ও একজন বৃদ্ধ রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ভোলায় চার জন, বরগুনায় দুই জন ও পিরোজপুরে দুই জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু রোগী দেরি করে হাসপাতালে আসায় আমাদের করার কিছু থাকে না। জ্বর হলে বসে থাকলে চলবে না। এখন উপজেলা পর্যায়েও ডেঙ্গু পরীক্ষা হয়।”
জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করা উচিত ও সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, বরিশাল বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৫ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে নয় হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন; এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৬২৬ জন।
