০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭

চলতি বছরে এখন পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ৩ হাজার ৫১২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৯ জনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 12:27 PM

Updated : 09 Oct 2026, 12:53 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ওই তিনজনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন-ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়া উপজেলার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪৫ বছর বয়সী মরিয়ম।

হাসপাতালের তথ্য অনুযায়ী, মিনহাজ ও হারিছা বেগমের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মরিয়ম ডেঙ্গুর পাশাপাশি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

শুক্রবার হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন।

তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু। ভর্তি রোগীদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন।

এছাড়া চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক মাইনউদ্দিন বলেন, “সীমিত জনবল নিয়েও রোগীদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে।”

ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।