২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গু কাড়ল আরও ৩ জনের প্রাণ

এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 04:47 PM

Updated : 25 Aug 2023, 04:47 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬৬ জন রোগী।

নিহতদের মধ্যে দুই জন ভোলা সদর হাসপাতালে ও একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান।

মৃতরা হলেন- ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মমতাজ বেগম (৫৮) ও চর খলিফা এলাকার তাছলিমা বেগম (৫০) এবং ঝালকাঠির বাউকাঠি এলাকার মো. মোশারেফ হোসেন (৬০)।

এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্য পরিচালক শ্যামল।

শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় তিন জন মারা গেছেন। বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭৮৫ জন রোগী।

নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে সব থেকে বেশি ৪৪ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২১ জন, পটুয়াখালীতে ২০, ভোলায় ১৪ ও পিরোজপুরে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১২ হাজার ২৪১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৪২০ জন।

এ ছাড়া মারা যাওয়া ৩৬ রোগীদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, বরগুনা সদর হাসপাতালে তিন, পিরোজপুর সদর হাসপাতালে দুই এবং ভোলা সদর হাসপাতালে ছয় জন চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

ডেঙ্গু: বরিশালে স্যালাইন সরবরাহ কম, বেশি দামে বিক্রির অভিযোগ
বরিশালে ২৪ ঘণ্টায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু
বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু