বরিশালে আগের রাতেই সমাবেশের আমেজ
মঞ্চ তৈরির কাজ শেষ; মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বরিশাল পৌঁছেছেন।
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে একদিন আগেই সমাবেশের আমেজ সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ এই উদ্যানে। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বিভাগের ছয় জেলা থেকে বিপুল নেতা-কর্মী জমা হয়েছেন সমাবেশ স্থলে।
সমাবেশের আগের রাতেই বঙ্গবন্ধু উদ্যান পূর্ণ হয়ে গেছে। বৃহস্পিতবার থেকে রাতযাপন শুরু হয়। শুক্রবারও নেতা-কর্মীরা সমাবেশের মাঠে অবস্থান করছেন।
শুক্রবার আগের রাতের তুলনায় কর্মী-সমর্থক-নেতার সমাগম বেড়েছে। দফায় দফায় মিছিল স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশ স্থল। ব্যানার-ফেস্টুনে পুরো উদ্যান ছেয়ে গেছে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে বরিশাল এসে পৌঁছেছেন। স্থানীয় একটি উঠেছেন তিনি।
এদিকে, ১০/১৫ হাজার নেতা-কর্মী রাতে বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান করবেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেতা-কর্মীরা উদ্যানে পলিথিন, চট ও প্লাস্টিক দিয়ে অস্থায়ীভাবে তৈরি তাঁবুতে অবস্থান করছেন। তারা বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসেছেন।
“তাদের জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে ৪০ ডেক খিচুড়ি রান্না করা হয়েছে। এছাড়া স্ব-স্ব জেলা উপজেলার নেতৃবৃন্দ মাঠে রান্না করে খাবারের ব্যবস্থা করেছেন। কোনো নেতা-কর্মী অভুক্ত থাকবে না।”
রাজাপুর থেকে আসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও মঠবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার একটি বাসে ৫০ জন নেতা-কর্মী এসেছেন। তারা সকলেই মাঠে অস্থায়ী ছাউনী দিয়ে অবস্থান করছেন।
তিনি জানান, নগরীর মহসিন হকার্স মার্কেট থেকে কম্বল কিনে নিচে বিছিয়ে বৃহস্পতিবার রাত পার করেছেন। শুক্রবার রাতও একইভাবে পার করবেন।
রুবেল বলেন, উদ্যানের পাশের বাথরুম ছাড়াও আশপাশের মসজিদের বাথরুম ব্যবহার করেছেন নেতা-কর্মীরা। গোসল করেছেন কীর্তনখোলা নদীতে।
বরগুনার পাথরঘাটা থেকে আসা পঞ্চাশোর্ধ্ব আলমগীর হোসেন জানান, হেঁটে ও রিকশায় বৃহস্পতিবার সন্ধ্যায় সমাবেশের স্থানে পৌঁছেছেন। মঞ্চের পিছনে ছাউনী দিয়ে সেখানে অবস্থান করছেন।
কীর্তনখোলা নদীতে গোসল করেছেন এবং বালুর মাঠ মসজিদের শৌচাগার ব্যবহার করছেন বলে জানান তিনি।
গৌরনদী থেকে আসা তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উঠেছেন নগরীর এক আত্মীয়ের বাসায়। সেখানে শুধু রাত্রিযাপন করবেন। দিনভর উদ্যানে কাটিয়েছেন উত্তর জেলা মহিলা দলের সাবেক এ সদস্য সচিব।
তার সঙ্গে থাকা আরও কয়েকজন নারী জানান জরুরি প্রয়োজনে তারা উদ্যানের শৌচাগার ব্যবহার করছেন।
উদ্যানের পাশে শৌচাগারের দেয়ালে থাকা বিদ্যুৎ সংযোগে মোবাইল ফোন চার্জ দেওয়ার চেষ্টা করছিলেন আমতলী থেকে আসা কিশোর মো. রাব্বি (১৬)।
তিনি বৃহস্পতিবার এসেছেন; উদ্যানের শৌচাগার তার ভালো না লাগলেও সেটাই ব্যবহার করছেন বলে জানান।
মাঠের মধ্যে দুইটি ডেকে খিচুড়ি রান্নারত আমতলী উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা মাঠে এসেছেন। তিন বেলা খিচুড়ি রান্না করে নেতা-কর্মীদের খাওয়ানো হচ্ছে। চাল, ডাল, আলু ও ব্রয়লার মুরগি দিয়ে তৈরি খিচুড়ি প্রতিবেলায় দুই হাজার জন খাচ্ছেন।
রান্নার পানিসহ ধোয়ার কাজ পাশের ডিসি লেকে করেন বলে তিনি জানান।
নদী পথে আসা নৌযান ও নেতা-কর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, শতাধিক নৌযান কীর্তনখোলা নদীর বিভিন্ন তীরে নোঙর করা আছে। নেতা-কর্মীরা নৌ-যানের শৌচাগার ব্যবহার করছেন। এ ছাড়া তীরের দুইটি মসজিদের শৌচাগার খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সেলিম মোল্লা আরও বলেন, এসব নৌযানে দুই হাজার নেতা-কর্মী অবস্থান করছেন। তারা সমাবেশের আগে মাঠে আসবেন। তাদের খাবার নৌ-যানে রান্না করা হয়েছে।
এ ছাড়া বরিশাল নগরীর বিভিন্ন নেতা-কর্মীদের বাসায় জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বলেও নেতা-কর্মীরা জানান।
মঞ্চ প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন বলেন, সমাবেশের মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়েছে। ৫০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। ব্যানারও লাগানো শেষ হয়েছে।
এছাড়া সমাবেশস্থলসহ আশপাশে ১২০টি মাইক লাগানো হয়েছে বলে তিনি জানান।
বঙ্গবন্ধু উদ্যানে জুমার নামাজ আদায়
সমাবেশে আসা নেতাকর্মীরা শুক্রবার বঙ্গবন্ধু উদ্যানে পৃথক দুটি প্যান্ডেলে জুমার নামাজ আদায় করেছেন।
বরিশাল মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান আনিচ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঠে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামাজ আদায় করেছেন।
মির্জা ফখরুল বরিশাল পৌঁছেছেন
শুক্রবার বিকালে বিমানে বরিশাল এসে পৌঁছেছেন গণ-সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে একটি বেসরকারি বিমানযোগে তিনি বরিশাল এসেছেন।
তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা রয়েছেন।
তারা নগরীর বাধ রোড এলাকায় হোটেল গ্র্যান্ড পার্কে উঠেছেন বলে শিরীন জানান।
আরও পড়ুন:
