১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে বিএনপির সমাবেশ: বাধার অভিযোগ ঝালকাঠিতে

ঝালকাঠি থেকে বরিশালের পথে বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিচ্ছেন বলে বিএনপির অভিযোগ।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 10:21 PM

Updated : 03 Nov 2022, 10:21 PM

বরিশালে বিএনপির বিভাগীয় গণ-সমাবেশে যাওয়ার পথে ঝালকাঠিতে নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

আগামী শনিবার বরিশালে বিএনপির পঞ্চম বিভাগীয় সমাবেশ। এর আগে চারটি সমাবেশ হয় চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝালকাঠি থেকে বরিশালের পথে  আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্যাম্প বসিয়েছে। ওইসব স্থানে সবধরনের গাড়ি, অটোরিকশাসহ পরিবহন থামিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের নামিয়ে দেওয়া হচ্ছে।

“মহাসড়কে নছিমন-করিমন বন্ধের নামে বাস ধর্মঘট হয় তখনই, যখন বিএনপির বিভাগীয় সমাবেশ ডাকা হয়।”

এভাবে বিরোধী দলকে থামিয়ে রাখা যাবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, “আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই এমন হীন অপকায়দার আশ্রয় নিয়েছে।”

প্রয়োজনে হেঁটে হলেও কমপক্ষে ৩০ হাজার কর্মী সমর্থক বরিশালে ৫ তারিখের সমাবেশে যোগ দেবেন বলে তিনি মন্তব্য করেন।

বাধা দেওয়ার অভিযোগের ব্যপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির বলেন, “এটা বিএনপির মনগড়া অভিযোগ। আমাদের কোনো প্রকার দলীয় কর্মসূচিও নেই, যাকে পাল্টা কর্মসূচি বলা যায়। মিডিয়ায় খবর বানাতে বিএনপি এমন অযৌক্তিক অভিযোগ করছে।” 

আরও পড়ুন:

এবার বরিশালে বিএনপির সমাবেশের আগে লঞ্চ বন্ধ  

বরিশালে গণসমাবেশ: বঙ্গবন্ধু উদ্যানের অর্ধেক পাচ্ছে বিএনপি

বরিশালে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটার অভিযোগ  

বরিশালে বিএনপিকে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি

বরিশালে বিএনপির প্রচারপত্র বিতরণকালে হামলার অভিযোগ, আহত ৫