১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালীর রুটেও বাস বন্ধের ঘোষণা

বরিশালে ‘সমাবেশ বানচাল করতে’ পটুয়াখালীর সব রুটে বাস বন্ধ করা হয় বলে অভিযোগ বিএনপির।

পটুয়াখালীর রুটেও বাস বন্ধের ঘোষণা

পটুয়াখালী বাস টার্মিনাল

সঞ্জয় কুমার দাস

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 12:07 AM

Updated : 04 Nov 2022, 02:10 PM

বিএনপির সমাবেশের দুদিন আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পটুয়াখালীর সকল রুটে বাস বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন এ কথা জানান।

বিএনপির দাবী আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে নেতা-কর্মী-সমর্থকদের যোগদানে বাধাগ্রস্থ ও সমাবেশ বানচাল করতে পরিকল্পিত ভাবে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা।

শনিবার বরিশালে বিএনপির গণ-সমাবেশ। এই সমাবেশ বানচাল করতে ষড়যন্ত্র করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে বিএনপির অভিযোগ।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা  ও রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়। এসব সমাবেশও বিএনপি নির্বিঘ্নে করতে পারেনি। খুলনায় সমাবেশে আসা নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে। রংপুরে সমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হয়।

পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বরিশাল বিভাগীয় মহাসমাবেশকে বানচাল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে রাজনৈতিক হয়রানি করার জন্য এই বাস ধর্মঘট ডাকা হয়েছে।”

Image

পটুয়াখালী বাস টার্মিনাল

তাদের নেতা-কর্মী ও সমর্থকরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে সে জন্যই আওয়ামী লীগের নেতাদের নির্দেশনায় বাস মালিক সমিতির নেতারা এই ধর্মঘট ডেকেছেন বলে টোটন অভিযোগ করেন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন বলেন, “মহাসড়কে ত্রি-হুইলার, টমটম, নসিমন, অটোরিকশাসহ সকল অবৈধ যানবাহন চলাচলে মহামান্য হাইকোর্টের রুল থাকলেও স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।”

তিনি বলেন, বিভিন্ন সময়ে এ নিয়ে প্রশাসনের সঙ্গে সভায় দাবি জানানো হয়। কিন্তু এ ব্যাপারে তারা অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এসব অবৈধ যান চলাচলের ফলে সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এগুলো বন্ধে প্রশাসনকে ৩ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। 

তিনি আরও বলেন, যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। 

বাস ধর্মঘটের সঙ্গে আওয়ামী লীগের দলীয় কোনো ইন্ধন নাই বলেও রিয়াজ উদ্দিনের ভাষ্য।

আরও পড়ুন:

বরিশালে বিএনপির সমাবেশের আগে বাস বন্ধ বরগুনায়  

বরিশালে বিএনপির সমাবেশ: বাধার অভিযোগ ঝালকাঠিতে  

এবার বরিশালে বিএনপির সমাবেশের আগে লঞ্চ বন্ধ  

বরিশালে গণসমাবেশ: বঙ্গবন্ধু উদ্যানের অর্ধেক পাচ্ছে বিএনপি

বরিশালে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটার অভিযোগ  

বরিশালে বিএনপিকে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি

বরিশালে বিএনপির প্রচারপত্র বিতরণকালে হামলার অভিযোগ, আহত ৫

পুরানো খবর:

বিএনপির সমাবেশ ঘিরে উত্তেজনা, ভোলায় লঞ্চে ভাংচুর