১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপির সমাবেশ ঘিরে উত্তেজনা, ভোলায় লঞ্চে ভাংচুর

ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে মঙ্গলবার গভীর রাতে ‘এমভি আওলাদ’ লঞ্চে ভাংচুর করা হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 11:19 PM

Updated : 03 Nov 2022, 11:19 PM

বরিশালে বিএনপির সমাবেশকে ঘিরে উত্তেজনার মধ্যে ভোলায় একটি লঞ্চে ভাংচুর হয়েছে, যার মালিক এক বিএনপি নেতা।

ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে মঙ্গলবার গভীর রাতে ভোলা-বরিশাল রুটে চলাচলকারী ‘এমভি আওলাদ’ লঞ্চে ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার থেকে ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এমভি আওলাদ লঞ্চের মালিক ও ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল অভিযোগ করেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ তার মালিকানাধীন লঞ্চে ভাংচুর ও লুটপাট করেন।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অভিযোগ করেন, বরিশালে বিএনপির সবাবেশকে কেন্দ্র করে ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমভি আওলাদ লঞ্চে লুটপাট ও ভাংচুর করা হয়েছে।

“আমাদের নেতা-কর্মীদের প্রতিরোধ ও হামলা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব বলেন, তারা এর সঙ্গে জড়িত নন।

“ওই লঞ্চের মালিক বিএনপি নেতা।  নিজেরা এ ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।”

বৃহস্পতিবার সকাল থেকে ঘাটে নোঙর করে রাখা হয়েছে বোট ও লঞ্চগুলো। অলস সময় পার করছেন শ্রমিকরা।

সকাল ৭টার পর ভোলার ভেদুরিয়া ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট না ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে লঞ্চ মালিকরা এ ব্যাপারে গণমাধ্যমকে কিছুই বলছেন না।

স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা  মোসলেউদ্দিন বলেন, বিএনপির বরিশাল সমাবেশকে কেন্দ্র করে এখানে নাশকতা হতে পারে। তাই স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি রোগীদের আনা-নেওয়ার জন্য কিছু বোট চালু রয়েছে। সবকিছু নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপর।

আরও পড়ুন:

বরিশালে বিএনপির সমাবেশের আগে বাস বন্ধ বরগুনায়  

বরিশালে বিএনপির সমাবেশ: বাধার অভিযোগ ঝালকাঠিতে  

এবার বরিশালে বিএনপির সমাবেশের আগে লঞ্চ বন্ধ  

বরিশালে গণসমাবেশ: বঙ্গবন্ধু উদ্যানের অর্ধেক পাচ্ছে বিএনপি

বরিশালে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটার অভিযোগ  

বরিশালে বিএনপিকে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি

বরিশালে বিএনপির প্রচারপত্র বিতরণকালে হামলার অভিযোগ, আহত ৫