Published : 04 Nov 2022, 11:41 AM
মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে পিরোজপুরে বাস ধর্মঘট শুরু হয়েছে।
এদিকে বরিশালে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে স্বরুপকাঠী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ তিনজনকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির নেতা মো. নূরুল হক খোকন জানান, মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে এ ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে পিরোজপুরের অভ্যন্তরীণসহ ১২টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।
সবধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীদের বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে।
যাত্রী মনিরা আক্তার বলেন, “জরুরি ভিত্তিতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া প্রয়োজন। কিন্তু বাস ধর্মঘটের জন্য আটকে গেছি।”
জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেনের অভিযোগ, গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সবধরনের গণপরিবহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন জায়গা থেকে মধ্য রাতেই ট্রলারে করে রওনা দিয়েছেন দলের রুট লেবেলের নেতাকর্মীরা। গণসমাবেশকে কেন্দ্র করে স্বরুপকাঠী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ তিন জনকে আটক করেছে পুলিশ।”
আটক কামালের চাচাতো ভাই জাসসদের আহ্বায়ক জাহিদ হাসান বলেন,“কামাল আমাকে ফোন করে জানিয়েছে যে, পুলিশ তাকে আটক করেছে। পরে বিস্তারিত বলতে পারব।”