২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭ মৃত্যু: দুর্ঘটনার ৩ কারণ চিহ্নিত

“তদন্তে দেখা গেছে যে সড়কের পাশের বড় ও গভীর পুকুরটি মৃত্যুকূপে রূপ নিয়েছে।”

ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭ মৃত্যু: দুর্ঘটনার ৩ কারণ চিহ্নিত

গত ২২ জুলাই ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 07:48 PM

Updated : 03 Aug 2023, 07:48 PM

ঝালকাঠির ছত্রকান্দায় পুকুরে বাস পড়ে ১৭ জনের মৃত্যুর ঘটনায় তিনটি কারণ শনাক্ত করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি; একই সঙ্গে বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে।

বৃহস্পতিবার এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী।

মোহাম্মদ মামুন শিবলী জানান, দুর্ঘটনা ও প্রাণহানির জন্য যে তিনটি কারণ শনাক্ত করা হয়েছে সেগুলো হলো- বাস চালকের খামখেয়ালি, তার অপেশাদার আচরণ এবং বিধি ভেঙে সড়কের পাশে বড় পুকুর খনন।

তিনি বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস থাকলেও চালক মোহন খানের ড্রাইভিং লাইসেন্স ছিল হালকা গাড়ি চালানোর। কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই বাসের মত ভারি যান চালাচ্ছিলেন।”

তদন্ত কমিটির প্রধান জানান, তদন্তে দেখা গেছে যে সড়কের পাশের বড় ও গভীর পুকুরটি মৃত্যুকূপ হিসেবে রূপ নিয়েছে। ঝালকাঠি থেকে পিরোজপুর বা মঠবাড়িয়া, পাথরঘাটা সড়কটি অত্যন্ত পুরনো। এই সড়কটি পরে প্রশস্ত করা হয়নি, সংলগ্ন জমি অধিগ্রহণও করা হয়। ফলে সংলগ্ন জমির মালিকরা সেখানে পুকুর খনন করে মাছ চাষ করেন। সড়কটির দুই পাশে যদি মহাসড়কের মতই ১০/১২ ফুট জমি অধিগ্রহণ করা হতো, তাহলে দুর্ঘটনা ঘটলেও এত প্রাণহানি হতো না।

গাড়ি কার হাতে দিচ্ছেন সে বিষয়ে বাস মালিক পক্ষের যথাযথ মনিটরিং থাকা উচিত বলে মনে করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, “তদন্তকারী আরও দুটি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে প্রকৃতপক্ষে চালক মোহন খানের খামখেয়ালীপনায় দুর্ঘটনা ও ১৭ জনের প্রাণহানি হয়। দুর্ঘটনায় পতিত হওয়ার আগ মুহূর্তে তিনি নিজের আসনে বসে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে তর্ক করছিলেন এবং মোবাইলও ব্যবহার করছিলেন।”

তদন্ত প্রতিবেদন পেয়েছেন জানিয়ে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, “কমিটির সুপারিশ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, দুর্ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। এরমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

গত ২২ জুলাই সকাল ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার সময় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় বাসটি। পুকুরে পড়ে উল্টে গেলে নিহত হন ১৭ যাত্রী। আহত হন ৩৫ জন।

আরও পড়ুন:

পুরনো খবর:

ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭ মৃত্যুর ঘটনায় পুলিশের মামলা
ঝালকাঠিতে বাস পুকুরে: ৩০ ঘণ্টায়ও মামলা হয়নি, নেই গ্রেপ্তার
ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে: তদন্তে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটি
পুকুরের গভীরতার কারণেই মৃতের সংখ্যা বেড়েছে: ফায়ার সার্ভিস
ঝালকাঠিতে বাস পুকুরে: নিহতদের পরিচয় মিলেছে, দুজন মর্গে
বাসটি ছিল যাত্রীতে ঠাসা, চালককে দুষছেন সবাই
ঝালকাঠিতে বাস পুকুরে: চিকিৎসার জন্য বেরিয়ে সড়কেই মৃত্যু আটজনের
ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত ১৭