২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বিদেশে: করোনাভাইরাস মোকাবিলার দিনগুলো, পর্ব ১৭

মার্চের দ্বিতীয় সপ্তাহ। কোভিড-১৯ এর প্রকোপ বোস্টনে তখন একটু একটু করে বাড়তে শুরু করেছে। তবু কোম্পানির কাজকর্ম পুরোদমেই চলছে। আংশিক বা পুরো শাটডাউন কোনোটিই ইমপ্লিমেন্ট হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. রওশন আলম, যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 01:05 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

তবে ইমপ্লয়িদের মধ্যে কিছুটা কানাঘুষা চলছে। কোম্পানি তার কাজকর্ম সাময়িকভাবে বন্ধ করে দিবে কি দিবে না, তা নিয়েই চলছে এই কানাঘুষা। ইমপ্লয়িরা খানিকটা হলেও তাই দ্বিধাগ্রস্ত। অবশ্য ২৬ ফেব্রুয়ারির পর দ্বিধাগ্রস্ততা ও ভীতি এমনিতেই একটু একটু করে বাড়তে শুরু করেছিল।

কারণ, ওইদিন বোস্টনের বায়োজেন ফার্মাসিউটিক্যাল তাদের লিডারশিপ ইমপ্লয়িদের মধ্যে একটা কনফারেন্স আয়োজন করেছিল মারিয়ট হোটেলে। তার সপ্তাহ খানেকের মধ্যেই জানা গেল যে, ওই কনফারেন্সের সূত্র ধরে অন্তত ৮২ জন কোভিড-১৯ পজিটিভ। একেবারে যা তা অবস্থা।

তাই এ ঘটনার পর বোস্টনের অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোও কোভিড-১৯ এর ব্যাপারে কিছুটা বাড়তি সতর্ক সংকেত পেয়ে যায়। ইমপ্লয়িদের সেফটি হচ্ছে বড় কথা, সবার আগে। তাই সেফটির কথা বিবেচনা করে কোম্পানিগুলো কতটুকু খোলা রাখবে আর কতটুকু বন্ধ থাকবে, তা নিয়ে এক ধরণের দ্বিধাগ্রস্ততা তো চলছিলই।

আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি যে ডিজিজগুলো নিয়ে গবেষণা করে, সেগুলো যেমন- হান্টিংটন, ডুছেন মাস্কুলার ডিসট্রফি (ডিএমডি), এএলএস এর মতো জেনেটিক্যালি রেয়ার ডিজিজ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, এই ডিজিজগুলোর বিরুদ্ধে কীভাবে প্রতিষেধক নির্ণয় করা যায়? এমন কিছু গবেষণার কাজ থাকে, যেগুলোকে থামিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই উপায় একটা কিছু বের করে তা এগিয়ে নিতেই হবে।

নানা ডিপার্টমেন্টের সমন্বয়ে এসব গবেষণার কাজ সম্পন্ন হয়। যেমন, বায়োলজি, মেডিসিনাল কেমিস্ট্রি, নিউক্লিয়িক এসিড কেমিস্ট্রি, প্রোসেস ডেভালপমেন্ট, ড্রাগ মেনুফেকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, রেগুলেটরি, সিএমসি, সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট, ফ্যাসিলিটিজ ইত্যাদি ডিপার্টমেন্ট। কোভিড-১৯ এর এ পরিস্থিতিতে তাই কতজন ইমপ্লয়ি বিল্ডিং-এ আসবেন আর কতজন আসবেন না, সেসব নিয়েই তখনো ভাবছিল কোম্পানি।

এদিকে আমার ছেলে রাকিন, সে থাকে বোস্টন থেকে দূরে। বহুদূরে। ইলিনয় স্টেটে। ভার্সিটির স্টুডেন্ট এখন সে। প্রথম বর্ষ। তার ক্যাম্পাস হচ্ছে ইউনিভার্সিটি অব ইলিনয় (আরবানা শ্যাম্পেইন)। এতো দূরে যে বাসা থেকে রাকিনের ইউনিভার্সিটি ক্যাম্পাস টানা এক হাজার ৪০ মাইল, ১ হাজার ৬৭৫ কিলোমিটার। শীতের এক মাসের ছুটিতে সে বাসায় এসে আবার চলে যায় জানুয়ারিতে। তারপর আর আসা হয়নি।

মার্চে আবার স্প্রিং ব্রেক শুরু হয়েছে। টানা এক সপ্তাহ। স্প্রিং ব্রেকে ওর বাড়িতে আসার কথা। কোভিড-১৯ এর এমন প্যান্ডেমিকে ওকে নিয়ে তাই বেশ দুশ্চিন্তায় আছি। কোভিড-১৯ কে ফাঁকি দিয়ে এতো দূরের পথ পাড়ি দিয়ে কীভাবে সে বাড়িতে আসবে, তা নিয়েই কেবল ভাবছি?

এতো বড় দেশ যুক্তরাষ্ট্র যে এখানে যাতায়াতের জন্য মূলত দুই ধরণের পপুলার ট্রান্সপোর্টের উপর মানুষ বেশি নির্ভরশীল। এক এয়ারপ্লেন। দুই ড্রাইভিং। এছাড়া পাবলিক ট্রান্সপোর্ট তো রয়েছেই। যেমন বাস ও ট্রেন। তবে জেনে অবাক হবেন যে ট্রেন জার্নি যুক্তরাষ্ট্রে অত্যন্ত আন-পুপুলার একটা জার্নি।

Image
লেখকের ছেলে রাকিন ও লেখক

লেখকের ছেলে রাকিন ও লেখক

যাই হোক, দূরের জার্নি বিধায় রাকিন মূলত প্লেনেই যাতায়াত করে। প্লেনের টিকেটও ওর কাটা আছে আগে থেকেই। ১৪ মার্চ, শনিবার। ইলিনয় স্টেটের সবচেয়ে বড় শহরের নাম শিকাগো। শিকাগো একটি নয়নাভিরাম শহর। এ শহর থেকে রাকিনের ক্যাম্পাস বেশ দূরে। ক্যাম্পাস থেকে শিকাগো আসতে বাসেই লাগে প্রায় আড়াই ঘণ্টা। তারপর শিকাগো থেকে বোস্টনের প্লেনে লাগে আরো তিন ঘণ্টা। সাধারণত বাসেও থাকে ভরা মানুষ, প্লেনেও মানুষের ভিড়ে কোনো সিট খালি থাকে না। কোভিড-১৯ এর এ পরিস্থিতিতে ছেলের এ লম্বা পথচলা নিয়ে তাই উদ্বিগ্ন।

আমার চেয়েও বেশি উদ্বিগ্ন সাথী। ছেলে যাতে বাসে ও প্লেনে অন্য মানুষের সংস্পর্শ এড়াতে পারে, পরিচিত কারো সঙ্গে হ্যান্ডশেক নয়, রাস্তায় খাবার কেনার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের যত উপায় আছে, সবকিছুই সে টেলিফোনে বাতলিয়ে দিতে লাগলো। মায়ের উপদেশগুলো মাথায় নিয়ে অবশেষে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাকিন পৌঁছল বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।

সেদিন প্রচণ্ড বাতাস বইছে বোস্টনে। সঙ্গে কনকনে শীত। গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা মানে শীতের সঙ্গে শরীরের টিকে থাকার এক লড়াই। সেই লড়াইয়ের দিকে আর অগ্রসর হলাম না। তাই গাড়ি নিয়ে বাইরে এয়ারপোর্টের একজিট এরিয়াতে অপেক্ষা করছি। প্লেন ল্যান্ডিং এর অল্পক্ষণ পরেই রাকিন বেড়িয়ে আসলো এয়ারপোর্ট থেকে। আগে দেখা হওয়া মাত্রই ছেলেকে জড়িয়ে ধরে হাগ দিতাম। বলতাম, বাবা কেমন আছো?

এবার তা আর হল না। কোভিড-১৯ ভীতির কারণে আপাতত হাগের উপর আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। কোনো হাগ আর নয়। বরং বললাম, বাবা রাকিন, গাড়ির পিছনের সিটে গিয়ে বসে পরো। হ্যান্ড গ্লোভস পড়ে নাও। হ্যান্ড স্যানিটাইজার মাখো। হাঁচি কাশি আসলে তা হাতের কনুই দিয়ে চাপিয়ে ধরার চেষ্টা করো।

এমন অদৃশ্য এ কোভিড-১৯ যাকে খালি চোখে দেখা যায় না। সতর্কতা হিসেবে এয়ারপোর্ট থেকে বাসায় এসে সে মায়ের সঙ্গে দূর থেকে ছালাম বিনিময় করে সোজা চলে গেল শাওয়ার রুমে। ভাবলাম, হায়রে কোভিড-১৯! কি করে এখন বুঝি যে, তুই ছেলের সাথে সাথে বাহির থেকে ঘরেও ঢুকে পড়েছিস কিনা!

যাই হোক, উইকএন্ড অতিবাহিত হবার পর সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ মার্চ) অফিস করছিলাম স্বাভাবিকভাবেই। মঙ্গলবার দিন শেষে জানতে পারলাম যে, আগামি নোটিশ না আসা পর্যন্ত কোনো ইমপ্লয়িকেই আপাতত অফিসে যেতে হবে না। সব কাজ আপাতত অনলাইনে। অবাক করা নোটিশ। মনে মনে ভাবলাম, ভালই তো হল। অফিসে যাওয়ার জন্য সকালে তাড়াহুড়া করে ঘুম থেকে আর উঠতে হবে না। কাজের প্রেসারে এতদিন শরীরটা এমনিতেই হাঁপিয়ে উঠেছিল। একটু জিরিয়ে নিতে পারবো।

কোম্পানিতে ইতোমধ্যে কোভিড-১৯ রিসপন্স টিম গঠিত হয়েছে। তাদের কাজ হচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা, ইমপ্লয়িদের সেফটিকে প্রাধান্য দেওয়া। তারা স্টেট গভর্নমেন্টের জারি করা নির্দেশগুলো ফলো করতে লাগল। অর্থাৎ সোশ্যাল ডিসটেন্সিং, পিপিই, একই বিল্ডিং-এ সর্বোচ্চ কতজন সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করে অফিসে আসতে পারবে সেসব নির্ধারণ করা ইত্যাদি।

এসব নির্ধারণ করতে করতেই প্রায় সপ্তাহখানেক পার হয়ে গেল। কোম্পানি এবার নতুন একটি নোটিশ জারি করল। অল্প কিছু ইমপ্লয়ি কোম্পানির মিশন ক্রিটিক্যাল গবেষণাগুলো এগিয়ে নিয়ে যাবার জন্য আসতে পারবে এবং কোভিড-১৯ রিসপন্স টিম ম্যানেজারদের সঙ্গে মিটিং করে নির্ধারণ করবে, কে কে আসবে আর কে কে আসবে না।

যাই হোক, রাকিনের কথায় আবার ফিরে আসি। বাড়ি আসার ঠিক দুদিনের মাথায় রাকিন একটি ইমেইল পেল তার ইউনিভার্সিটি থেকে। সোমবার, ১৬ মার্চ। ইমেইলটি এসেছে সরাসরি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছ থেকে। শুধু রাকিন নয়, ইউনিভার্সিটির সব স্টুডেন্টকেই এ ইমেইলটি পাঠানো হয়েছে এক জরুরি পরিস্থিতিতে। তখন শিকাগোর অবস্থাও ভাল নয়। ইলিনয় স্টেটে কোভিড-১৯ এর বাতাস বইতে শুরু করেছে বেশ জোরেশোরেই।

ইমেইলের ভাষার নির্যাসটুকু ঠিক এরকম। বাকি সেমিস্টারে ইউনিভার্সিটির সব ক্লাশ অনলাইনে নিতে হবে। পরীক্ষাও অনলাইনে কমপ্লিট করতে হবে। শুধু তাই নয়, ডরমেটরিতে থাকা সব ছাত্রকে তাদের নিজ নিজ রুম পরিষ্কার করে খালি করে দিতে হবে। ডরমেটরির চাবি বুঝিয়ে দিতে হবে। সেটাও হতে হবে ২৮ মার্চের মধ্যে। কোভিড-১৯ এর এমন পরিস্থিতিতে ভার্সিটির এমন আদেশ যেন মাথার উপর ঠাডা পড়ার মতো।

হাজার হাজার ছাত্র ইতোমধ্যে ডরমেটরি ত্যাগ করে বাড়িতে ফিরে গেছে স্প্রিং ব্রেকে। কী করে তারা আবার ফিরবে ডরমেটরিতে? ভাবছি, ইউনিভার্সিটি এমন নির্দেশ কী করে দিতে পারল? বোস্টন থেকে ইলিনয় অনেক দূরের পথ। কোভিড-১৯ এর এমন পরিস্থিতিতে ছেলেকে কী করে আবার সেখানে পাঠাই। তাছাড়া সে আসলোই মাত্র দুদিন আগে। ক্যাম্পাস কাছে হলে কোনো অনুযোগ থাকতো না।

ভীতি তখন বাড়ছিল আরো যে, ইতোমধ্যে কোভিড-১৯ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে জেঁকে বসতে শুরু করেছে। বিভিন্ন স্টেটের গভর্নর ট্রাভেলকে নিরুৎসাহিত করে চলেছেন। আমাদের কোম্পানির কোভিড-১৯ রিসপন্স টিম ইতোমধ্যে কোম্পানিওয়াইড একটি নোটিশও জারি করেছে যে, স্টেট (ম্যাসাচুসেটস) অতিক্রম করে কেউ অন্য কোনো স্টেটে বিশেষ প্রয়োজনে গেলেও তাকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। তারপরই কেবল অফিসে আসা যাবে। সেফটি, সেফটি অ্যান্ড সেফটি।

রাকিনেরও আর সাহস হচ্ছে না, একা এয়ারপ্লেনে ফ্লাই করার। কোভিড-১৯ সংক্রমণের ভয়। ডরমেটরির রুম খালি করে দেবার জন্য ওকে যেতেই হবে। এবার সিদ্ধান্ত নেবার পালা। কীভাবে তাহলে আমরা যাব সেখানে- বোস্টন থেকে ইলিনয়?

মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও অনেক কঠিন সিদ্ধান্ত মানুষকে নিতে হয়। আমরা বাপ ছেলে সেরকম একটি সিদ্ধান্তই নিয়ে ফেললাম। ঠিক হল যে, ড্রাইভ করে যাব। গাড়ি চালানো। টানা ১ হাজার ৪০ মাইল ড্রাইভ করে জীবনে অতীতে আমি একবারই সেখানে গিয়েছি। সেই স্মৃতি থেকে সাহস বেড়ে গেল। তখন সাথী ছিল পাশে। এবার থাকবে ছেলে, সমস্যা কোথায়?

একযুগ আগে যখন আমরা যুক্তরাষ্ট্রে ড্রাইভ করতাম দূরে কোথাও, তখন ম্যাপকোয়েস্টের মাধ্যমে ডিরেকশন প্রিন্ট করে চলতে হতো। এখন আর এসবের দরকার হয় না। ড্রাইভিং ডিরেকশন এখন হাতের মুঠোয়। জিপিএস ন্যাভিগেটর আইফোনের ভিতরে তা এক ক্লিকের মধ্যে এনে ফেলেছে।

তাই আইম্যাপ বলছে যে, একটানা ১ হাজার ৪০ মাইল ড্রাইভ করতে সময় লাগবে ১৬ ঘণ্টা। যদিও একটানা ড্রাইভ কখনোই করা যায় না। ১০০ থেকে ১৫০ মাইল পর পর দেহ জিরানোর জন্য থামতেই হয়। তাছাড়া রাস্তাপথে রেস্ট এরিয়া, গাড়িতে গ্যাস নেওয়া, খাবার-দাবাড় এসবের জন্য থামতেই হবে। আর এ থামার অর্থ হচ্ছে যে, গাড়ি থেকে বের হওয়া এবং অন্য মানুষের সংস্পর্শে নিজেকে কোনো না কোনোভাবে এক্সপোজ করা। যা থেকে কোভিড-১৯ সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ কোভিড-১৯ কে ফাঁকি দিয়ে এতো বিশাল পথ পাড়ি দেওয়া একেবারেই সহজ নয়।

যাই হোক, এতো দূরের পথ বেরুনোর আগে করোনাভাইরাস সম্পর্কে হালকা জানার চেষ্টা করলাম। মূলত সতর্ক থাকার জন্য। করোনাভাইরাস পরজীবী বা প্যারাসাইট, অর্থাৎ বেঁচে থাকার জন্য করোনাভাইরাসের একটি মাধ্যমের প্রয়োজন হয়। আর সেই মাধ্যমটি হচ্ছে জীবকোষ অর্থাৎ মানুষের শরীরের ভেতরে যে সেলগুলো আছে সেগুলোতে আশ্রয় নিয়েই তারা হৃষ্টপুষ্ট হয়, বংশও বাড়ায়। একবার দেহে সংক্রমিত হলে সংখ্যায় তারা শত শত বা হাজার হাজার বেড়ে যায়। গলা ও ফুসফুস এ করোনাভাইরাসের প্রিয় জায়গা। তাইতো হাঁচি কাশি দিলে তা সহজেই বাতাসের সঙ্গে ড্রপলেট আকারে অতি ক্ষুদ্র কণা আকারে ভেসে বেড়ায়। তা থেকে সংক্রমণ ছড়ায়।

ল্যাটিন ভাষায় মুকুটকে বলা হয় করোনা। করোনার স্পাইক প্রোটিনের সঙ্গে মানবকোষের ‘অ্যানজিওটেনসাইন-কনভার্টিং এনজাইম২’ (অ্যাসিই২) নামের এক ধরণের প্রোটিনের সংযোগ ঘটে যা কোষের ভিতরে করোনাভাইরাসকে প্রবেশ করায়। সেল বায়োলজির ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘অ্যান্ডোসাইটোসিস’।

করোনাভাইরাস দেখতেই বা কেমন? অনেকেই এটিকে বর্ণনা করেছেন ঠিক কদমফুলের মতো। একধরণের স্পাইক প্রোটিন এ ভাইরাসের গঠনের সঙ্গে সম্পৃক্ত। পরিষ্কারভাবে বললে যা দাঁড়ায়, তা হচ্ছে এটি আরএনএ (রাইবোনিউক্লিয়িক এসিড), প্রোটিন (দেখতে স্পাইক) ও স্নেহের (লিপিড) সমন্বয়ে গঠিত।

আরো জেনে আশ্চর্য হলাম যে, এসিম্পটোমিক অর্থাৎ কোনো সিম্পটন নেই এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। যুক্তরাষ্ট্রেও শতকরা ২৫% অর্থাৎ প্রতি চারজনে একজন এসিম্পটোমিক। সেটাই সবচেয়ে বিপদজনক। কারণ, এমন এসিম্পটোমিক ব্যক্তি জানছেনই না যে সে করোনাভাইরাস নিয়ে ঘোরাফেরা করছেন।

করোনাভাইরাস অত্যন্ত ছোঁয়াচে বিধায় এক্সপার্টরা সোশাল ডিসটেন্সিং বা ন্যুনতম ৬ ফিট দূরত্ব মেনে চলার নির্দেশ যেমন দিচ্ছেন, তেমনি সাবান পানি দিয়ে হাত ধোয়া, ৬০% অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মুখে মাস্ক পড়া, হ্যান্ডশেক বা করমর্দন পরিহার করা, হাগ বা কোলাকুলি এড়িয়ে চলা এবং ঘর থেকে বাইরে না বেরিয়ে পরিবার পরিজনকে নিয়ে বরং নিজ ঘরের মধ্যে সময় কাটানোর পরামর্শই দিচ্ছেন।

করোনাভাইরাসের সম্পর্কে এসব কিছু প্রাইমারি জ্ঞান, সেই সঙ্গে ওয়ান টাইম গ্লোভসের ব্যাগ, মুখের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, পানির বোতলের প্যাক, কিছু শুকনো খাবার নিয়ে আমরা চললাম ইলিনয়েসের পথে। বোস্টন (ম্যাসাচুসেটস) থেকে ইলিনয় যেতে কয়েকটি স্টেট অতিক্রম করতে হয়। ম্যাসাচুসেটস, কানেক্টিকাট, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, ওহাইও, ইন্ডিয়ানা, তারপর ইলিনয়।

লক্ষ্য করলাম যে, করোনাভাইরাসের অ্যালার্ট জারির ফলে রাস্তায় গাড়ি ট্রাকের কোনো জ্যাম নেই। যা সচরাচর যুক্তরাষ্ট্রের নর্থ ইস্ট কিম্বা মিড ওয়েস্টের হাইওয়েতে দেখা যায় না। তাই আমাদের এ যাত্রা একেবারে মন্দ হল না। গাড়ি চলছে শো শো করে। দৃষ্টি শুধু সামনের দিকে।

রাকিন যখন হাই স্কুলের স্টুডেন্ট ছিল, তখনই সে ড্রাইভ করতে শিখেছে। তাই রাকিন ১০০ মাইল পর্যন্ত একটানা ড্রাইভ করতে লাগল। আর আমি চালাই ১৫০ মাইল। এভাবে বাবা-ছেলে মিলে ১৬ ঘণ্টার টানা ড্রাইভ একেবারে মন্দ কাটল না। শেষতক, পৌঁছলাম আমরা প্রত্যুষে ইউনিভার্সিটি অব ইলিনয়েতে। ঘুমে চোখ টলমল।

রাকিন যে ডরমেটরিতে থাকে, তার নাম ওগ্লেসবি হল। নয় তলার ৯০৪ নম্বর রুমের রেসিডেন্স সে। দুই বেডের রুম। ওর রুমমেট একজন ইন্ডিয়ান আমেরিকান। দারুণ নম্র ও ভদ্র ছেলে। নাম শ্রিশ। শ্রিশ পড়তে এসেছে এখানে নিউ জার্সি থেকে। জানতে পারলাম যে, শ্রিশও ওর বাবার সঙ্গে সেই সুদূর নিউ জার্সি থেকে ড্রাইভ করে আসছে রুম পরিষ্কার করে চাবি বুঝে দিতে।

রাতজাগা শরীর যেন চলছে না আর আমাদের। কিন্তু প্যাকিং যে করতেই হবে। দুই ঘণ্টা প্রায় লেগে গেল রুমের জিনিসপত্র প্যাকিং করে গাড়িতে লোড করতে। এর মধ্যে রুমের চাবিও আমরা বুঝিয়ে দিলাম। এবার ফেরার পালা আবার বোস্টনের পথে। সেই একই পথ একই দূরত্ব। বিরতিহীনভাবে চললাম আমরা আল্লাহর উপর ভরসা রেখে।

ইলিনয় এবং ইন্ডিয়ানার হাইওয়েগুলো ইস্ট কোস্টের হাইওয়ের মতো নয়। ইস্ট কোস্টের হাইওয়েতে সচরাচর দেখা যায় যে, রাস্তার দুপাশে শুধু গাছগাছড়া, ঝোপ-জঙ্গল এবং উঁচু উঁচু পাহাড়। এসব পাহাড় ও ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি ছুটছে প্রবল গতিতে শো শো করে। আর মিডওয়েস্ট অর্থাৎ ইলিনয় কিম্বা ইন্ডিয়ানাতে ঠিক তার উলটো। ড্রাইভ করার সময় রাস্তার দুপাশে চোখে পরবে শুধু ভুট্টার ক্ষেত। মাইলকে মাইল জুড়ে। মনে হবে হাইওয়ের দুপাশে ফাঁকা আর ফাঁকা। তেমন গাছ-গাছড়া বা পাহাড় চোখে পড়ে না। এদিকে এতো জমি ও খালি জায়গা পড়ে আছে যে, মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ থেকে কিছু মানুষকে এদেশে স্থানান্তরিত করলে মন্দ হতো না। কৃষি ও আবাদি জমিগুলো পড়ে থাকতো না, ফসলে ভরে তুলত বাঙালিরা।

আমরা যখন বোস্টনে পৌঁছলাম, তখন গভীর রাত। মনে ভয় যে, করোনাভাইরাস নিজেদের সঙ্গে ঘরে ঢুকল কিনা। না। তা অবশ্য হয়নি। আমাদের সাবধানতা ও সচেতনতার কারণে এ দীর্ঘ যাত্রায় কোভিড-১৯কে ফাঁকি দিয়ে আমরা আসতে পেরেছি।

ফেব্রুয়ারির ১ তারিখে বোস্টনে একজনের দেহে কোভিড-১৯ শনাক্তের মধ্য দিয়ে আক্রান্ত শুরু। তারপর মার্চের মাঝামাঝিতে তা এসে দাঁড়াল প্রায় দুইশর কাছাকাছিতে। তখনো একজনও মারা যায়নি। আজ ২৮ এপ্রিল। দিনশেষে সেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে আটান্ন হাজার। মৃত্যু ঘটেছে তিন হাজারের বেশি। অধিক আক্রান্তের দিক থেকে ম্যাসাচুসেটস এখন যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয়। আমরা ঘরবন্দি হিসেবে জীবনযাপন করছি প্রায় ছয় সাত সপ্তাহ হল। কেউ জানে না, কখন আমরা কোভিড-১৯ এর হাত থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবো।

চলবে...

লেখক: বোস্টনের একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কর্মরত

ই-মেইল: alamrowshon@gmail.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!

আগের পর্ব

দেশে বিদেশে: করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন, পর্ব ১৬  

দেশে বিদেশে: করোনাভাইরাসে হয়েছি ঘরবন্দি, পর্ব ১৫  

দেশে বিদেশে: ফ্লোরিডা ও ডিজনি ওয়ার্ল্ড, পর্ব ১৪  

দেশে বিদেশে: বালটিমোর শহরের বলা না বলা কথা, পর্ব ১৩  

দেশে বিদেশে: ক্রিসিকে অশেষ ধন্যবাদ, পর্ব ১২  

দেশে বিদেশে: যুদ্ধের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে বসবাস, পর্ব ১১  

দেশে বিদেশে: মেরিল্যান্ডের পথে, পর্ব ১০  

দেশে বিদেশে: ফুকুওকার সেই দিনগুলো, পর্ব-৯  

দেশে বিদেশে: টোকিও ডিজনিল্যান্ডের কাহিনী, পর্ব-৮  

দেশে বিদেশে: টোকিওতে কিছুক্ষণ, পর্ব ৭  

দেশে বিদেশে: জাপানি পার্টি কাম্পাই, পর্ব ৬  

দেশে বিদেশে: জাপানে বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, পর্ব-৫  

দেশে বিদেশে: কিউসু ইউনিভার্সিটির দোরগোড়ায়, পর্ব-৪  

দেশে বিদেশে: সূর্যোদয়ের দেশ জাপান, পর্ব ৩  

দেশে বিদেশে: উড়োজাহাজে প্রথম চড়ার অনুভূতি, পর্ব ২  

দেশে বিদেশে: অর্বাচীনের জাপান যাত্রা, পর্ব ১