২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বিদেশে: করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন, পর্ব ১৬

করোনাভাইরাস আমাদের জীবনের গতি শ্লথ করে দিয়েছে। দিনকে দিন জীবন হয়ে উঠছে পানসে। সারা বিশ্বজুড়েই চলছে কোয়ারেন্টাইন। ঘরে বন্দি। করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ থেকে বাঁচার জন্য কোয়ারেন্টাইনের পথকেই উত্তম হিসেবে বেছে নিয়েছে কম বেশি সব দেশই। বাংলাদেশও সে পথে হাঁটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. রওশন আলম, যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 02:58 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

বোস্টনে আমার বসবাস। বোস্টন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বড় শহর। ঘনবসতি শহর বোস্টন। এখানেও কোভিড-১৯ আক্রমণ কম হয়নি। বোস্টন হেরাল্ডের তথ্যানুসারে, মার্চের মাঝামাঝি সময়ে এখানে মাত্র দুইশো জনের মতো করোনাভাইরাসে আক্রান্ত ছিল। তখন অন্তত একজনও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে মারা যায়নি।

অথচ মাত্র তিন সপ্তাহের ব্যবধানে এখানে এখন আক্রান্তের সংখ্যা প্রায় ঊনিশ হাজার। যার মধ্যে মৃত্যু ঘটেছে পাঁচশো জনের উপরে। আমি যে কাউন্টিতে বাস করি তার নাম মিডলসেক্স কাউন্টি। এখানেই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৪ হাজার ৪৪৭ জন। আলহামদুলিল্লাহ্‌। এখনো ভাল আছি, সুস্থ আছি।

এখানে স্টেট গভর্নমেন্ট সবাইকে ঘরে থাকার নির্দেশও দিয়েছে। মিলিয়ন মিলিয়ন মানুষ তাই ঘরবন্দি। আমি ও আমার পরিবার ঘরবন্দি হয়ে আছি তিন সপ্তাহের বেশি সময় ধরে। ঘরে যা স্টক খাবার ছিল তাও প্রায় শেষ। দোকানগুলোতে তরিতরকারির জন্য যাওয়াটাও রিস্কি। কারণ, করোনাভাইরাস ছোঁয়াচে। অন্য যে কোনো ভাইরাসের তুলনায় অন্তত তিনগুণ বেশি ছোঁয়াচে। তাই সংক্রমণের সম্ভাবনা খুব বেশি থেকে যায়। বলা যেতে পারে ঘরে বন্দি জীবন কাটাচ্ছি।

কিন্তু জীবন কি আসলেই থেমে থাকে? জীবিকার তো তাগাদা থাকে। তাই তিন সপ্তাহ পরে জবে যেতে হয়েছে। অফিস করতে হয়েছে শর্তসাপেক্ষে সব সেফটি প্রোটোকল মেইনটেইন করে। মাত্র কতিপয় ইমপ্লয়িকে ‘মিশন ক্রিটিক্যাল’ কাজগুলো এগিয়ে নিয়ে যাবার জন্য রিকুয়েস্ট করা হয়েছে। সেই তাগাদায় আমার দায়িত্বে ছিল এ সপ্তাহের কিছু কাজকে ত্বরান্বিত করা।

কাজ বলতে গবেষণা। গবেষণা বেজড ল্যাবরেটরি। ড্রাগ ডিসকোভারি। ল্যাবরেটরির যে রুমটিতে ঢুকে কাজ করেছি, সেখানে শুধু আমি একা। মাঝে মাঝে ফ্রন্ট ডেস্কের গার্ড এসে দেখা দিয়ে যাচ্ছে, ঠিক আছি কিনা। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাওয়ার প্রয়োজন নেই যদি কিনা খুব জরুরি না হয়। অন্য ইমপ্লয়িদের সংস্পর্শে না যাওয়াটায় শ্রেয়। গেলেও ৬ ফুট দূরত্ব মেনে চলতেই হবে। তারপর কর্মদিবস শেষ করে সেই ল্যাবরেটরি থেকে সরাসরি বাড়িতে চলে আসি। আরো সোজা করে বললে যা দাঁড়ায় তা হচ্ছে সোজা শাওয়ার রুমে, গোসল।   

অথচ কোভিড-১৯ রোগটির সূত্রপাত হয়েছিল চীনের উহান শহর থেকে ডিসেম্বর মাসে। সারা বিশ্ব আজ সাফার করছে। সাড়ে তিন মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রেই এর সংক্রমণ এখন সবচেয়ে বেশি। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, সংক্রমণের সংখ্যা যুক্তরাষ্ট্রে চার লাখ নব্বই হাজার ছাড়িয়ে গেছে। পাঁচ লাখ ছুঁই ছুঁই করছে। যার মধ্যে মৃত্যু ঘটেছে আঠারো হাজার আক্রান্তের।

নিউ ইয়র্কে কোভিড-১৯ এর সংক্রমণ সর্বাধিক। সেখানে প্রায় সবাই লকড ডাউন। আমার ছোট ভাই তার পরিবার নিয়ে প্রায় চার সপ্তাহের উপরে হল ঘরবন্দি আছে। বেরুনোর উপায় নেই। তার সঙ্গে যখন ফোনে কথা বলি, তার কথায় থাকে আতঙ্কের ছাপ, সেখানে বাংলাদেশি কমিউনিটির আক্রান্তের কথা, মৃত্যুর কথা। সে আমাকে বলে, ভাই আজ ওর মৃত্যু হয়েছে, কাল ওর মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কের বাতাস মৃত্যুর মিছিলে ভারি হয়ে উঠেছে। নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি ভাই-বোনও ইহজগত ত্যাগ করে চলে গেছেন ওপারে, চিরতরে। শুধু শোক আর শোক।

নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শহর। ভাগ্যের পরিবর্তন করতে মানুষ আসে নিউ ইয়র্কে। এ শহরে বৈধ অবৈধ সব শ্রেণির মানুষের বসবাস। সব দেশের মানুষ নিউ ইয়র্ক শহরকে সহজেই আপন করে নেয়। সব ভাষাভাষীর শহর হচ্ছে নিউ ইয়র্ক। এখানে বৈধ অবৈধ সব মানুষই জীবিকা চালানোর জন্য সহজে কাজ পায়, ডলার আয় করেন। তাই এ শহরে মানুষের ভিড়ও বেশি। গাদাগাদি করে বসবাস। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও তাই বেশি। ভাগ্য পরিবর্তনের আশায় আসা মানুষগুলো আজ অসহায়। তাদের অনেকেই ভাইরাসে আক্রান্ত অথবা অনেকে মৃত। এটাকেই বোধ হয় বলা হয় নিয়তি। যাকে প্রিডিক্ট করা যেমন যায় না, তেমনি খণ্ডন করাও যায় না। আল্লাহ্‌ আমাদের সহায় হউন।

শনিবার রোববার এলে আগে আমরা বাংলাদেশি কমিউনিটির মধ্যে একে অপরের বাসায় যেতাম, দাওয়াত খেতে। ভুঁড়িভোজ করতে। এখন সেসব থেমে গেছে। ভুঁড়ি ভুঁড়ির জায়গায় আছে, তবে অতি ভোজন থেমে গেছে। কারো সঙ্গে আর দেখাও হচ্ছে না। ফেইসবুক মেসেঞ্জার বা হ্যাংআউট অ্যাপসে বন্ধুদের সঙ্গে কথা বলি, মনের কথা আদান প্রদান করি। অনিশ্চয়তা যেন গ্রাস করে বসে আছে সবার মনোজগত।

সবকিছু স্বাভাবিক হবে তো? চাকরিতে ফিরে যেতে পারবো তো? জীবিকা সংগ্রহের উৎস ঠিক থাকবে তো? কবে শেষ হয়ে যাবে এ কোভিড-১৯ এর প্রকোপ? বন্ধু-বান্ধব সবার সুরেই যেন একই ধ্বনির প্রতিধ্বনি শুনতে পাই। জীবন ও জীবিকার মধ্যে কোনটিকে আগে বেছে নেব আমরা?

দেশে বাবা-মার সঙ্গে প্রায় প্রতিদিনই ফোনে কথা হয়। তাদের সঙ্গে কথোপকথনে জীবন ও জীবিকার মধ্যে কোনটি আগে বেছে নিতে হবে-তার সহজ উত্তর খুঁজে পাই। মায়া ও ভালবাসায় ভরে থাকে মাতাপিতার মন ও হৃদয়। তাদের নিজের জীবনের চেয়ে সন্তানের জন্যই তারা বেশি চিন্তিত থাকেন। আমার বাবা-মাও তার ভিন্ন নয়। দেশে তারা দুজনেই অসুস্থ মানুষ। অথচ আমাকে ও আমার ছোট ভাইকে নিয়েই তাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা।

বাবা-মায়ের একজন হার্টের রোগী, তার উপর ডায়াবেটিস। অপরজন ডায়াবেটিস ও গ্লকোমা। তারা মনে করছেন আমরা দুই ভাই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকি, এখানে করোনাভাইরাসের সংক্রমণও বেশি, তাই আমাদের জীবনের অনিরাপত্তাও বেশি। তারা সহজ সরল মানুষ। যখন তাদের সঙ্গে কথা বলি, তারা বলেন বাইরে যেও না, চাকরিতে যেও না বাবা। আগে জীবন বাঁচাও তারপর জীবিকা। চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। অথচ আমরা দুই ভাই চিন্তা করি তাদেরকে নিয়েই বেশি।

কোভিড-১৯ এর প্রভাব আমাদের মনোজগতকেও ছেয়ে গেছে। খাঁচায় বন্দি পাখির মতো আমরা আজ বন্দি ঘরের মধ্যে। খাঁচার বন্দি পাখি বা অ্যাকুরিয়ামের মধ্যে আটকানো সুন্দর সুন্দর রঙয়ের মাছগুলোর বন্দি জীবনের কথা একবার ভেবে দেখুন তো! কেমন আছে ওরা? কিংবা চিড়িয়াখানায় বন্দি বানর, বাঘ, সিংহ, হরিণ, হায়ানা, সরীসৃপসহ প্রাণীগুলোর বন্দিদশার কথায় একবার ভাবুন! আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আমরাই আটকে রেখেছি এই প্রাণীদেরকে বন্দি খাঁচায়। আমরা ভুলতে বসেছি যে, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে এ বাক্যটির মর্মকথা।

প্রকৃতির সবকিছুর মধ্যেই একটা ভারসাম্য থাকে। আদান প্রদানের ভারসাম্য। দেওয়া আর নেওয়া। যেমন, আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তেমনি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন সরবরাহ করে। উদ্ভিদরা অক্সিজেনের বাহক, আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, সেই উদ্ভিদ তথা গাছগাছড়া অর্থাৎ বনজঙ্গল কেটে আমরা উজাড় করে দেই। প্রকৃতির ভারসাম্যের ব্যাঘাত কিন্তু আমরা মানুষরাই ঘটিয়ে চলেছি।

শিল্প, কল-কারখানার বিস্তারের কথাই ধরুন। এখানেও পরিবেশের উপরে আঘাত। কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই-অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসের ছোবলে পড়ে দেশে দেশে আকাশ ছেয়ে গেছে, ওজোনস্তর ভেঙ্গে গেছে, পৃথিবীর তাপমাত্রা অসহনীয় হয়ে পড়ছে, তবু যেন শিল্প কল-কারখানার বিস্তার রোধ হচ্ছে না। কোভিড-১৯ এর কারণে আজ কল কারখানা বা গাড়ির চাকা যেন থেমে গেছে। বিষাক্ত গ্যাসগুলোর নিঃসরণ থেকে পৃথিবী খানিকটা হলেও মুক্ত। মানুষকে হয়ত এখন ভাবতে হবে, কেমন হবে আগামির পৃথিবী? কেমন হবে আমাদের পথচলা?

যুদ্ধ বিগ্রহের কথাই ধরুন। ছোট্ট এ গ্রহের উপর অত্যাচার কি কম বয়ে গেছে? ধনী ও শীর্ষ দেশগুলোর মধ্যে প্রাধান্য বিস্তারের জন্য শক্তির মহড়া চলে বরাবর। মানবিক পৃথিবীর কথা তারা অনেক সময় বেমালুম ভুলে যান। গান, গোলাবারুদ, মেশিনগান, সাবমেরিন, যুদ্ধবিমান, কামান, পারমানবিক বোমাসহ কত মিলিটারি সরঞ্জামই না তারা বানিয়েছেন এতোদিন? আমরা তো মানুষ, মানবিক। এসব যুদ্ধের সরঞ্জাম কি আমাদের মানবিক জীবনে কখনো কোনো প্রয়োজনে আসবে?

কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে, মার্কিন রণতরী রুজভেল্টও শত শত যুদ্ধ বিমান নিয়ে সাগরে দাঁড়িয়ে আছে। সেখানে কোভিড-১৯ এর সংক্রমণে নাবিকরা ধরাশায়ী। প্রশ্ন থেকে যায়, কীভাবে সংক্রমণ ঘটলো কোভিড-১৯ এর সাগরের মধ্যের এ রণতরীর নাবিকদের দেহে?

প্রকৃতি আমাদের কাছে মাঝেমধ্যেই ব্যাধি হিসেবে দেখা দেয়। স্প্যানিশ ফ্লুর কথা বলছি। প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৮) পর পরই সারা পৃথিবীর মানুষ স্প্যানিশ ফ্লুর (১৯১৮-২০) কবলে পড়েছিল। ২০ থেকে ৪০ বছরের ইয়ং মানুষগুলো স্প্যানিশ ফ্লুর শিকারে পরিণত হয়েছিল। উইকিপিডিয়ার তথ্যানুসারে, প্রায় ৫০০ মিলিয়ন (৫০ কোটি) মানুষ এ ফ্লুতে তখন আক্রান্ত হয়েছিল যার মধ্যে মারা গিয়েছিল প্রায় ৫০-১০০ মিলিয়ন (৫-১০ কোটি) মানুষ।

প্রকৃতি চেয়ে চেয়ে দেখে সেখান থেকে আমরা কোনো লেসন বা শিক্ষা নিতে পারি কিনা! স্প্যানিশ ফ্লুর কয়েক বছর পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-৪৫) শুরু হয়ে গেল। পৃথিবী আরো নৃশংস ও অমানবিক হয়ে পড়েছিল। হিটলারের নাজি বাহিনী ইহুদিদের উপরে ঝাঁপিয়ে পড়ে নৃশংসভাবে হত্যাযজ্ঞ করতে লাগল। যুক্তরাষ্ট্রও বসে থাকলো না। পারমানবিক বোমা তৈরি করে তা নিক্ষেপ করল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে।আমি এ শহর দুটি ঘুরে দেখে এসেছি। নৃশংসতার ছাপ হিরোশিমা ও নাগাসাকির ‘পিস মিউজিয়ামে’ গেলে চোখে পড়ে। চোখে জল আসে নীরবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মায়ার পৃথিবী সত্যিকার অর্থে আর কখনোই মানবিকতার পথে ফিরে আসেনি। যেমন, ইসরায়েলি সৈন্যরা পাখির মতো গুলি করে মারে প্যালেস্টাইনিদের। অথচ মানবিক পৃথিবী মানবিকভাবে প্যালেস্টাইনিদের উপরে দৃষ্টি দেয়নি।

এটা লক্ষণীয় যে, কোভিড-১৯ এর কারণে সব দেশ নীরব হয়ে গেছে। এক দেশ আরেক দেশের বিরুদ্ধে রাগিয়ে রাগিয়ে বা প্রতাপ খাটিয়ে আর কথা বলছে না। যুদ্ধ যুদ্ধ ভাবও আর দেখাচ্ছে না। কারণ, সব দেশই আজ যুদ্ধে জড়িয়ে পড়েছে এক অজানা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। যাকে খালি চোখে দেখা যায় না অথচ তা আঘাত হানতে সক্ষম। ঢাল তলোয়ারবিহীন সেই অদৃশ্য শত্রুর নাম করোনাভাইরাস বা কোভিড-১৯।

এর আগেও অনেক রোগই পৃথিবীতে এসেছে। মানুষ তা মোকাবেলাও করেছে। এবারও করছে। সেই মোকাবেলার পথে সায়েন্টিস্ট ও স্বাস্থ্যকর্মীরা থাকেন অগ্রগামী। স্যালুট জানাই তাদেরকে। সায়েন্টিস্টরা হয়ত অচিরেই একটা সুসংবাদ বয়ে আনবেন কোভিড-১৯ এর প্রতিষেধক আবিষ্কার করে, যা লক্ষ কোটি মানুষের মুখে কেবল হাসির কুড়িই ফোটাবে না, মনে জাগাবে বেঁচে থাকার আশা। আরো জাগাবে মানবিক পৃথিবীর দিকে পথচলা।

চলবে...

লেখক: বোস্টনের একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কর্মরত

ই-মেইল: alamrowshon@gmail.com

আগের পর্ব

দেশে বিদেশে: করোনাভাইরাসে হয়েছি ঘরবন্দি, পর্ব ১৫

দেশে বিদেশে: ফ্লোরিডা ও ডিজনি ওয়ার্ল্ড, পর্ব ১৪

দেশে বিদেশে: বালটিমোর শহরের বলা না বলা কথা, পর্ব ১৩

দেশে বিদেশে: ক্রিসিকে অশেষ ধন্যবাদ, পর্ব ১২

দেশে বিদেশে: যুদ্ধের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে বসবাস, পর্ব ১১

দেশে বিদেশে: মেরিল্যান্ডের পথে, পর্ব ১০

দেশে বিদেশে: ফুকুওকার সেই দিনগুলো, পর্ব-৯

দেশে বিদেশে: টোকিও ডিজনিল্যান্ডের কাহিনী, পর্ব-৮

দেশে বিদেশে: টোকিওতে কিছুক্ষণ, পর্ব ৭

দেশে বিদেশে: জাপানি পার্টি কাম্পাই, পর্ব ৬

দেশে বিদেশে: জাপানে বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, পর্ব-৫

দেশে বিদেশে: কিউসু ইউনিভার্সিটির দোরগোড়ায়, পর্ব-৪

দেশে বিদেশে: সূর্যোদয়ের দেশ জাপান,পর্ব ৩

দেশে বিদেশে: উড়োজাহাজে প্রথম চড়ার অনুভূতি,পর্ব ২

দেশে বিদেশে: অর্বাচীনের জাপান যাত্রা,পর্ব ১