Published : 21 Sep 2025, 05:47 PM
শহুরে এলাকায় অনেকেরই রান্নাঘর খুব বড় নয়। তবে ছোট মানেই নিরস বা সাধারণ হওয়া উচিত এমন ভাবাও কারণ নেই।
পূর্ণ সংস্কার বা ব্যয়বহুল পরিবর্তন না করেও কিছু সৃজনশীল উপায়ে রান্নাঘরে আনা যায় রং, উচ্ছ্বাস আর নিজস্বতা।
সৃজনশীল রান্নার সরঞ্জামে ব্যক্তিত্ব
রান্নাঘরে কেন সাধারণ জিনিস ব্যবহার করবেন, যখন এমন সরঞ্জাম ব্যবহার করা যায় যা দেখলেই আনন্দ জাগে।
ছোট রান্নাঘরে বাড়তি সাজসজ্জার জন্য জায়গা কম থাকে। তাই প্রতিদিনকার ব্যবহার্য জিনিসকেই সুন্দর করে ব্যবহার করলে রান্নাঘর নিজেই হয়ে ওঠে শিল্পময়।
উদাহরণ দিয়ে অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “রঙিন চায়ের কেটলি, নকশা করা তোয়ালে কিংবা হাতে বানানো বাটি ও কাঠের চামচ ছোট জায়গাতেও এনে দিতে পারে আলাদা উষ্ণতা।”
বাজারে এখন হাতে বানানো সিরামিক বাটি, কাঠের তৈরি সরঞ্জাম বা শিল্পীদের বানানো পাত্র রান্নাঘরে শুধু ব্যবহারেই নয়, সৌন্দর্যেও বিশেষ মাত্রা যোগ করে।
রান্নার চামচ বা কাঠের খুন্তি কোনো সাধারণ জগে না রেখে রঙিন ফুলদানি ব্যবহার করলে সেটি রং এবং আকর্ষণ দুটোই যোগ করবে।
এমনকি পুরানো কোনো জিনিসকেও একটু রং করে বা নকশা এঁকে নতুন রূপে ব্যবহার করা যায়।
যেমন- সাধারণ সাদা ডাস্টবিনকে নীল টেপ ও রং দিয়ে রঙিন নকশায় রূপান্তরিত করে তা রান্নাঘরে রাখা যায়। যা কার্যকর জিনিসের পাশাপাশি একেবারে শিল্পকর্মের মতো লাগে।
আলোকসজ্জায় ভিন্নতা
রান্নাঘরের আবহ অনেকটাই নির্ভর করে আলো কেমন তার ওপর।
“আলো শুধু দৃশ্যমানতার ব্যাপার নয়, এটি অনুভূতির সঙ্গেও যুক্ত”- বলেন গুলশান নাসরিন।
ফ্লুরোসেন্ট (টিউবলাইট বা নীলচে-সাদাটে উজ্জ্বল আলো) বাতি রান্নাঘরকে কঠিন ও শীতল করে তোলে, অন্যদিকে নরম আলো সেটিকে করে তোলে আরামদায়ক।
এই অন্দরসজ্জাবিদ পরামর্শ দেন- নরম ও ছড়ানো আলো ব্যবহার করতে। যেমন- ঝুলন্ত নকশা করা বাতি কিংবা কেবিনেটের নিচে উষ্ণ রংয়ের আলো।
অন্যদিকে, অনেকেই সাহসী ধরনের আলো ব্যবহার করতে পছন্দ করেন। অনন্য আকারের লাইট বা পুরানো দিনের নকশার লাইট রান্নাঘরে আলাদা মাত্রা যোগ করে।
এতে জায়গাটি আর সাধারণ নতুন রান্নাঘরের মতো না থেকে চরিত্রপূর্ণ হয়ে ওঠে।
ভাড়াটেদের জন্য বা যারা ইলেকট্রিক সংযোগে হাত দিতে চান না, তাদের জন্য প্লাগ-ইন স্কনস ব্যবহার সহজ উপায়। এটি হল এক ধরনের দেয়ালে লাগানো লাইট (সাজসজ্জার বাতি), যেটা ব্যবহার করতে বিদ্যুৎ সংযোগ বা বাড়তি ওয়্যারিং করার দরকার হয় না। তবুও রান্নাঘর হয়ে উঠবে আলোকিত ও স্টাইলিশ।
রংয়ে সাহসী
রং নিয়ে বেশিরভাগ মানুষ ছোট জায়গায় নিরপেক্ষ শেইড ব্যবহার করতে চান। তবে ছোট রান্নাঘর আসলে গাঢ় রং ব্যবহার করলেও তা ভারী লাগবে না, বরং আরামদায়ক মনে হবে।
সরিষা হলুদ, নরম, ধূসর মিশ্রিত হালকা সবুজ, বেগুনি কিংবা উজ্জ্বল লাল রং ব্যবহার করা যায়। এতে ছোট রান্নাঘরেও এক ধরনের আত্মবিশ্বাসী সাজ ফুটে ওঠে।
সাহসী রং কেবল দেয়ালেই নয়— আলমারি, দরজা কিংবা একটি কোণের ছোট শেলফেও ব্যবহার করা যায়।
স্টাইলিশ সংরক্ষণ ব্যবস্থা
রান্নাঘরে সংরক্ষণ কেবল প্রয়োজনীয় নয়, এটি সৌন্দর্যের অংশও হতে পারে।
খোলা তাক বা ওপেন শেলফে নিজের পছন্দের বই, হাতে বানানো পাত্র কিংবা স্মৃতিময় কোনো জিনিস সাজিয়ে রাখা যায়। এতে জায়গা শুধু কাজে লাগবে না, বরং একটি ব্যক্তিগত ছোঁয়া আসবে।
শুধু কোণায় বাঁকানো আলমারি বসানো যেতে পারে। এতে অতিরিক্ত জায়গা পাওয়া যাবে। এমনকি ড্রয়ার বিভাজন বা মসলার ছোট বক্সও রান্নাঘরে শৃঙ্খলা ও সৌন্দর্য দুটোই আনে।
নজরকাড়া ওয়ালপেপার
দেয়ালে রং দিতে না চাইলে সহজ সমাধান হতে পারে ওয়ালপেপার। আজকাল বাজারে এমন ওয়ালপেপার বা টালি পাওয়া যায় যা দেখতে আসল মতোই লাগে।
গাছপালার নকশার ওয়ালপেপার ব্যবহার করা, যা সময়ের সঙ্গে মানানসই থাকে এবং চমকও আনে।
এমন নকশা খোলা তাকের পেছনে বা কেবিনেটের ভেতরে ব্যবহার করলে দৃষ্টিনন্দন পরিবর্তন আসে।
নকশা করা টালি বা ওয়ালপেপার, উজ্জ্বল রং বা অদ্ভুত আকারের ডিজাইন রান্নাঘরে শক্তিশালী স্টেটমেন্ট তৈরি করে। সবচেয়ে বড় সুবিধা হলো পিল-অ্যান্ড-স্টিক বা স্টিকার ব্যবস্থায় চাইলে পরে পরিবর্তন করাও সহজ।
ছোট ছোট ছোঁয়া
রান্নাঘরের ব্যক্তিত্ব লুকিয়ে থাকে ছোট ছোট ছোঁয়াতেই। ড্রয়ারে হাতে বানানো কাগজ দিয়ে লাইনিং করা, সাধারণ কেবিনেটের নকশা পাল্টে সেখানে পুরানো দিনের হাতল লাগানো বা একটি তাক শুধু স্মৃতিময় জিনিস দিয়ে সাজানো- এসবই রান্নাঘরে আলাদা উষ্ণতা আনে।
সবচেয়ে জরুরি হল, রান্নাঘরের ছোট জায়গায় নিজে কেমন অনুভব করতে চান সেটি ভেবে সাজানো।
নকশা তখনই শক্তিশালী হয়, যখন সেটি নিজের আবেগকে সম্মান করে।
আরও পড়ুন
রান্নাঘরের যেসব জিনিস নিয়মিত পরিবর্তন করা উচিত
রান্নাঘরের কেবিনেটে যে ৬ জিনিস রাখা যাবে না