Published : 14 Jul 2026, 01:26 AM
সিকিমে প্রথমবারের মতো দেখা মিলল ‘ইউরেশীয় লিংক্স’ নামে মাঝারি আকারের বিরল এক বন্য বিড়ালের।
প্রাণিটির ছবি তোলার কথা গেল ১ জুলাই জানিয়েছে রাজ্যের বন ও পরিবেশ বিভাগ।
তারা এ ঘটনাকে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ফেডারেলের’ খবরে বলা হয়েছে।
পুরো পূর্ব হিমালয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই বন্য বিড়ালের দেখা মিলল। প্রথম ছবিটি মেলে গেল বছর; অরুণাচল প্রদেশে।
এবার বন্য বিড়ালটি ক্যামেরাবন্দি হয়েছে চলতি বছরের জানুয়ারিতে; মাঙ্গান জেলার সো লহামো মালভূমিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ২৫০ মিটার উঁচুতে বসানো ক্যামেরায় ধরা পড়ে প্রাণীটি।
‘ইউরেশীয় লিংক্সের’ কানের ডগায় কালো লোমের গুচ্ছ থাকে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রাণীটির লেজ ছোট। অনেক উঁচু ও শীতল স্থানে এটি টিকে থাকতে সক্ষম।
সিকিমের বন ও পরিবেশ বিভাগ এবং ডব্লিউডব্লিউএফ-ইন্ডিয়ার যৌথ একটি কর্মসূচি রয়েছে। এতে বিরল চিতার সংখ্যা, পার্বত্য অঞ্চলের অন্যান্য বন্যপ্রাণী এবং ট্রান্স-হিমালয় অঞ্চলের তৃণভূমির পরিবেশগত স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়।
মূলত এই কর্মসূচির আওতায় ‘ইউরেশীয় লিংক্সের’ ছবি পাওয়া গেছে।
ডব্লিউডব্লিউএফ-ইন্ডিয়ার কর্মকর্তা ঋষি কুমার শর্মা বলেন, সিকিমের এই ছবি প্রমাণ করে যে, পূর্ব হিমালয়ে ইউরেশীয় লিংক্সের বিস্তৃতি আগে যা ধারণা করা হয়েছিল, তার চেয়ে বেশি।