অপ্রয়োজনীয় জিনিস যেভাবে দূর করবেন
শরতে হালকা করুন পড়ার টেবিল, আলমারি, রান্নাঘর আর ঘরের বাড়তি জঞ্জাল।
দেখতে দেখতে বছরের আটটি মাস চলে গেল। ভাদ্র মাসের গরমে অস্থির লাগলেও ঘরের জঞ্জাল দূর করার চেষ্টা করা যেতেই পারে।
আর গেল কয়টা মাসে কী কী কিনেছেন সেগুলোর চেয়েও বেশি জরুরি হল এখন কী কী জিনিস ফেলার সময় হল সেটা বের করা।
স্কুলের জিনিসপত্র
স্কুল পড়ুয়া যাদের ঘরে রয়েছে তারা খেয়াল করে দেখতে পারেন কালি শেষ হওয়া কলম জমেছে কিনা। বা ব্যবহার যোগ্য নয় এমন পেন্সিলের টুকরাও জমতে পারে। হয়ত জমেছে ব্যবহৃত খাতাপত্র। এগুলো রাখার দরকার নেই, ফেলে দিন- এভাবেই পরামর্শ দেন রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে লাইফস্টাইল-বিষয়ক মার্কিন লেখক অ্যামান্ডা লরেন।
সেই সাথে নতুন কী লাগবে সেগুলোর তালিকাও তৈরি করে নেওয়া যেতে পারে এই কাজের ফাঁকে।
শিশুর ছোট হয়ে যাওয়া কাপড়
চোখের পলকে ঘরের ছোট শিশু বড় হয়ে যায়। তাই বাবা-মায়েরা এই গরমে খেয়াল করে দেখতে পারেন সন্তানের কোন কোন জামা ছোট হয়ে গেল। সেই সাথে গত শীতে কেনা গরম কাপড়ও পরার অযোগ্য হয়ে যেতে পারে এই কয় মাসে।
সেগুলো যদি পরার যোগ্য হয় তবে যাদের দরকার তাদের দান করে দেওয়াই হবে মঙ্গল। ঘর হালকা হবে, অন্যদেরও কাজে লাগবে।
নিজের পোশাক
শুধু শিশু নয়, নিজের কাপড় রাখার জায়গাতেও একবার চোখ বুলান। কোভিড-১৯ মহামারীর পর অনেকেই হয়ত স্থায়ীভাবে ‘হোম অফিস’য়ে অভ্যস্ত হয়েছেন; বা অফিসে যাওয়া লাগে কম। এক্ষেত্রে একের অধিক কার্মক্ষেত্রে পরার উপযোগী পোশাক অনেকদিন আলমারিতে পড়ে থাকতে পারে। সেগুলো এরই মধ্যে নষ্ট হয়ে গেলে ফেলে দিতে পারেন। অথবা ঠিক থাকলে অন্যদের পরার জন্য দান করে আলমারি হালকা করা ভালো।
এছাড়া নিজের জন্য কেনা শীতের অনেক পোশাকই হয় এতদিনে আঁটসাঁট বা ঢিলা হয়ে যেতে পারে। অকার্যকর পোশাকগুলো বাছাই করে দান করে দেওয়াই হবে মঙ্গলজনক।
কার্ডবোর্ডের বাক্স
এই সময়ে অনলাইনে পণ্য ক্রয় করার অভ্যস্ততায় জড়িয়েছেন অনেকে। সেটা হতে পারে কোনো জিনিস বা খাবার। তবে এসবের সাথে ঘরে ঢুকে নানান আকৃতির কার্ডবোর্ডের বাক্স। আর সেগুলো পরে কাজ লাগবে ভেবে অনেকেই জমিয়ে রাখেন। গত কয়েক মাসে এরকম বাক্স অনেক জমতে পারে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ময়লা পরিষ্কার করার প্রতিষ্ঠান ‘দি জাঙ্কলাগার্স’য়ের পরিচালক টড ল্যামসন বলেন, “জমিয়ে রাখা এসব কার্ডবোর্ড বক্স পরে কোনো কাজেই লাগে না, উল্টো ঘরের জায়গা দখল করে পড়ে থাকে। তাছাড়া এসব বাক্সের কারণে পোকামাকড়ের বাসা বাঁধার সুযোগও বাড়ে।”
তাই সের ধরে বিক্রি করে দেওয়া বা ফেলে দিয়ে ঘরের জন্য বাড়তি জায়গা বের করে নিন।
ইলেক্ট্রনিক যন্ত্র
পুরানো মোবাইল ফোন জমিয়ে রাখলে বিপদে কাজে লাগতে পারে। তবে অতি পুরানো ল্যাপটপ কিংবা ডেস্কটপ আর কোনো কাজেই আসবে না। তাই সেসব ঘরে রেখে, বাড়তি জায়গা দখল করার কোনো মানে হয় না- পরামর্শ দেন ল্যামসন।
সেই সাথে রান্নাঘরে ব্যবহার করার অনেক যন্ত্রও খারাপ হয়ে ঘরে পড়ে থাকতে পারে। সেগুলো ঠিক করার জন্য রাখা মানে বাড়তি কটা টাকা খরচ হওয়া। কারণ ঠিক করার পর সেগুলো ভালো মতো কাজ করবে না, বা কয়দিন পর আবার নষ্ট হবে।
গ্যারাজে নজর দেওয়া
যাদের গাড়ি রাখার জন্য ব্যক্তিগত গ্যারাজ রয়েছে তাদের অনেকেই সেখানে নানান ধরনের জিনিস জমিয়ে রাখেন। যেগুলো হয়ত আর কাজেই লাগবে না।
তাই দেরি না করে, ভাদ্রের কোনো এক অলস দুপুরে আলস্য কাটিয়ে গ্যারাজে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো- সেটা হতে পারে বাচ্চার খেলনা, ভাঙা আসবাব কিংবা টায়ার- ফেলে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
মনে রাখতে হবে ঘর ও ঘরের আশপাশ যত পরিষ্কার রাখা যাবে ততই পোকামাকড় ও মশার উপদ্রোব কমবে।
আরও পড়ুন
