Published : 01 Jun 2026, 04:23 PM
আরামে ঘুমানোর জন্য গরমের সময় সিলিং ফ্যান হয় প্রধান ভরসা। আর বেশি বাতাসের আশায় সরাসরি ফ্যানের নিচে ঘুমানোর সুযোগ কেউ হাতছাড়া করেন না।
তবে অনেকেই হয়ত জানেন না, ফ্যানের নিচে সরাসরি ঘুমানোর ফলে অজান্তেই শরীরকে অসুস্থ করে তুলছে।
রাতভর শরীরের ওপর সরাসরি ফ্যানের বাতাস লাগার কারণে কোনো সাধারণ রোগ না ছড়ালেও, কিছু অস্বস্তিকর ক্রনিক বা দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করতে পারে।
নাক ও গলার শুষ্কতা এবং অতিরিক্ত মিউকাস
ফ্যানের অনবরত বাতাস নাক, মুখ এবং গলার স্বাভাবিক আর্দ্রতা দ্রুত শুষে নেয়।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেল্থলাইন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই শুষ্কতার কারণে শরীর ক্ষতিপূরণ করতে গিয়ে অতিরিক্ত মিউকাস বা শ্লেষ্মা তৈরি করে। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর নাক বন্ধ থাকা, গলা খুশখুশ করা, মাথা ভারী হওয়া বা সাইনাসের তীব্র ব্যথা দেখা দিতে পারে।
অ্যালার্জি ও হাঁপানির প্রকোপ বৃদ্ধি
ফ্যান নিজে কোনো রোগ তৈরি করে না, তবে এটি ঘরের ভেতরের বাতাসকে প্রচণ্ড গতিতে ঘোরাতে থাকে।
যুক্তরাষ্ট্রের স্লিপ ফাউন্ডেশনের নির্দেশিকা থেকে জানা যায়, ফ্যানের ঘূর্ণনের ফলে ঘরের কোণে জমে থাকা ধুলাবালি, মাইটস, পরাগরেণু এবং পোষা প্রাণীর লোম সরাসরি আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে।
যাদের আগে থেকেই অ্যালার্জি বা ‘ডাস্ট অ্যাজমা’ রয়েছে, ফ্যানের বাতাস তাদের জন্য একটি ‘অ্যালার্জি মেশিন’ হিসেবে কাজ করে।
পেশির জড়তা এবং ঘাড় ব্যথা
রাতে একটানা ঠান্ডা বাতাস কোনো নির্দিষ্ট পেশিতে লাগলে সেই অংশের মাংসপেশি সংকুচিত বা শক্ত হয়ে যায়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অনেক সময় 'ফ্যান নেক' বলা হয়।
এর ফলে সকালে ঘুম থেকে উঠে ঘাড় ঘোরাতে কষ্ট হওয়া, পিঠে বা কাঁধে তীব্র খিঁচুনি ও ব্যথা অনুভূত হতে পারে।
ত্বক ও চোখের ক্ষতি
যারা কন্টাক্ট লেন্স পরেন অথবা যাদের ‘ড্রাই আই’ বা শুষ্ক চোখের সমস্যা আছে, সরাসরি ফ্যানের বাতাস তাদের চোখের কর্নিয়াকে আরও শুষ্ক করে তোলে।
যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় বংশদ্ভূত চিকিৎসক প্রাভিন ভাটিয়া ইয়াহু হেল্থ ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে, এই তথ্য দিয়ে আরও উল্লেখ করেন, “এছাড়া একজিমা বা সোরিয়াসিসের মতো চর্মরোগ থাকলে ফ্যানের বাতাস ত্বককে অতিরিক্ত শুষ্ক ও খসখসে করে, যা চুলকানি বাড়িয়ে দিতে পারে।”
অন্যান্য বিষয়ও আছে
দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে স্ট্যানফোর্ড মেডিসিনের 'স্লিপ হেলথ অ্যান্ড ইনসোমনিয়া প্রোগ্রাম'-এর সহযোগী পরিচালক ড. সিম্পসন এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের পরিচালক ড. মিশেল ড্রেরাপ জানান, ফ্যানের বাতাস মূলত ঘরের আর্দ্রতা কেড়ে নেয়।
তবে ফ্যানের একটি ইতিবাচক দিক হল এর 'হোয়াইট নয়েজ' বা মৃদু গুঞ্জন, যা হালকা ঘুমে অভ্যস্ত মানুষদের বাইরের আওয়াজ থেকে দূরে রেখে দ্রুত ঘুমাতে সাহায্য করে।
ক্যালিফোর্নিয়ার ১১টি বিভাগে একটি পর্যবেক্ষণমূলক গবেষণা চালায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি’র গবেষকরা।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের পিয়ার-পর্যালোচিত চিকিৎসা সাময়িকী ‘আর্কাইভস অব পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেডিসিন’য়ে ২০০৮ সালে প্রকাশিত এই গবেষণায় জানানো হয়, শিশুদের ঘরে ফ্যান চালানো হলে তা 'সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম (এসআইডিএস)' বা শিশুর আকস্মিক মৃত্যুর ঝুঁকি প্রায় ৭২ শতাংশ কমিয়ে দেয়।
কারণ ফ্যান ঘরের বাতাসকে স্থবির হতে দেয় না এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমায়। তবে বিশেষজ্ঞরা শিশুদের ক্ষেত্রেও ফ্যানটি সরাসরি গায়ে না লাগিয়ে, দূর থেকে চালানোর পরামর্শ দিয়েছেন।
ইউরোপীয় গবেষণা ও বয়স্কদের ঝুঁকি
২০১৬ সালে ইউরোপীয় হেলথ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় সতর্ক করা হয়েছে যে, তাপমাত্রা যখন অত্যন্ত বেশি থাকে (৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে), তখন ফ্যানের সরাসরি বাতাস শরীরের ভেতরের তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটি পানিশূন্যতা তৈরি করে।
সমস্যা এড়াতে করণীয়
ফ্যান বন্ধ করে গরমে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু সহজ নিয়ম মেনে ফ্যান ব্যবহার করলে এসব স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।
দিক পরিবর্তন করা: দেয়ালে ঝোলানো ফ্যানের ক্ষেত্রে বাতাস সরাসরি মুখ বা শরীরের ওপর না দিয়ে, একটু কোনাকুনি বা ঘরের দেয়ালে তাক করে দিতে হবে, যাতে বাতাস দেয়ালে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্ট্যান্ড ফ্যান ব্যবহারের ক্ষেত্রে 'অসিলেটিং' বা ঘূর্ণন অবস্থা চালু করে রাখতে হবে।
সিলিং ফ্যান থেকে দূরত্ব বজায় রাখা: বিছানা সরাসরি সিলিং ফ্যানের নিচে না পেতে একটু পাশে সরিয়ে স্থাপন করা উপকারী। ফ্যানটি শরীর থেকে অন্তত ৩ থেকে ৫ ফুট পাশে থাকা উচিত।
নিয়মিত ব্লেড পরিষ্কার করা: ফ্যানের ব্লেডে বা পাখায় দ্রুত ধুলাবালি জমা হয়। প্রতি সপ্তাহে বা ১৫ দিন পর পর ভেজা কাপড় দিয়ে ফ্যানের পাখা পরিষ্কার করতে হবে, যাতে ঘরে ধুলা ও অ্যালার্জেন না ছড়ায়।
টাইমার ও স্পিড কন্ট্রোল ব্যবহার করা: ফ্যান সবসময় ‘ফুল স্পিডে’ না চালিয়ে মাঝারি বা কম গতিতে চালানো উচিত। সম্ভব হলে ফ্যানে টাইমার সেট করে রাখা যেতে পারে, যাতে ভোরের দিকে ঘরের তাপমাত্রা কমলে ফ্যানটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় বা ধীর হয়ে যায়।
এয়ার পিউরিফায়ার এবং হিউমিডিফায়ার: অ্যালার্জি বা সাইনাসের সমস্যা থাকলে, শোবার ঘরে একটি ‘এইচইপিএ’ ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার এবং বাতাসের আর্দ্রতা ধরে রাখতে 'হিউমিডিফায়ার' ব্যবহার করা যেতে পারে।
ফ্যান গরমে পরম বন্ধু, যদি তা সঠিকভাবে ব্যবহার করা হয়। সরাসরি বাতাসের স্পর্শ এড়িয়ে ঘর ঠান্ডা রাখার কৌশল রপ্ত করতে পারলে গরমের রাতেও মিলবে রোগমুক্ত ও আরামদায়ক ঘুম।
আরও পড়ুন
ত্বক বলে দিতে পারে হৃদযন্ত্রের স্বাস্থ্য কেমন