২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অ্যাশেজ টেস্ট আয়োজনেও আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

তবে এখনই এমন কিছু করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

ভারতে অ্যাশেজ টেস্ট আয়োজনেও আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া
সবশেষ অ্যাশেজ সিরিজ ৪-১ ব্যবধানে জেতে অস্ট্রেলিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 10:46 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ভারতের মাটিতে অ্যাশেজ সিরিজের টেস্ট ম্যাচ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে এমন একটি উদ্যোগ বিবেচনায় রাখছেন তারা। যদিও এই মুহূর্তে এমন কোনো পরিকল্পনা নেই তাদের।

চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো ভারতে হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের একটি ম্যাচ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে আগামী আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স।

এবার বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্ট-এ ভারতে অ্যাশেজ টেস্ট আয়োজনের ভাবনার কথা জানালেন গ্রিনবার্গ।

“ইসিবি ও বিসিসিআই- উভয়ের সঙ্গেই আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে। আর এটা স্পষ্ট যে, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে নতুন কিছু করার সুযোগ ভারতে আছে।

“এটা (অ্যাশেজ টেস্ট ভারতে আয়োজন) নিয়ে আমরা এই মুহূর্তে পরিকল্পনা করছি না, তবে এটা অবশ্যই বিবেচনার জন্য উন্মুক্ত থাকবে। ইংল্যান্ড, ভারত ও আমাদের মধ্যে টেস্ট ক্রিকেট এখনও খুব শক্ত অবস্থানে রয়েছে- যা বিশ্বের অন্যান্য জায়গার ধারার চেয়ে অনেকটাই আলাদা। তাই আমরা নিশ্চিত করতে চাই, যেন আমরা এটিকে আরও প্রসারিত ও শক্তিশালী করে তুলতে পারি।”

তবে আইসিসির একাধিক ইভেন্ট, ফ্র্যাঞ্চাইজি ও দ্বিপাক্ষিক ক্রিকেটে ঠাসা সূচির কারণে একটি ম্যাচ আয়োজন করার ক্ষেত্রেও যে প্রতিবন্ধকতা রয়েছে, তা স্বীকার করে নেন গ্রিনবার্গ।

১৮৭৭ সালে শুরু হওয়া অ্যাশেজ টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী দ্বৈরথ। ২০২৭ সালের পুরুষ ও নারী দলের অ্যাশেজ ইংল্যান্ডে একই সময়ে হবে।