Published : 24 Jul 2026, 10:48 PM
শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময়, জীবনমুখী ও দক্ষতাভিত্তিক করতে ২০২৭ সালের জানুয়ারিতে সারা দেশে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষাকে আনন্দময় করে তুলতে এর মধ্যে কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেছেন, “ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ চলছে।
“কারিগরি শিক্ষা ও জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে বই প্রস্তুত করা হচ্ছে। আগামী বছরের জানুয়ারিতে সারা দেশে একযোগে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।”
শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হবে এবং কোনো ধরনের ইতিহাস বিকৃতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী।
পাঠ্যবইয়ের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, “নতুন বইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে। কোনো ইতিহাস বিকৃত করা চলবে না। ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে। শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ ইতিহাস জানার সুযোগ নিশ্চিত করা হবে।”
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে শুধু পরীক্ষানির্ভর না রেখে সৃজনশীল, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা এবং মূল্যবোধভিত্তিক বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মিলন বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অংশ নিক। নতুন সিলেবাসে খেলাধুলা এবং পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা হয়েছে।”
দেশের প্রতিটি উপজেলায় নিজস্ব ক্রীড়া দল গঠন করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “৬৪টি জেলা এবং পাঁচটি বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে; যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ পায়।”
অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং সময়োপযোগী পাঠদান পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ বক্তব্য দেন।