পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি মিতুর বাবার
মেয়ে মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন বাদী মোশাররফ হোসেন।
মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল হালিমের আদালতে তিনি চূড়ান্ত প্রতিবেদনে নারাজি আবেদন দেন।
পাশাপাশি পিবিআইর পরিবর্তে সিআইডি বা র্যাবকে দিয়ে মামলাটি পুনঃতদন্তের আবেদন করেছেন মিতুর বাবা মোশাররফ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার করা মামলায় আসামি এবং সাক্ষীসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এর মধ্যে আসামি মুসার স্ত্রী, একজন আসামি, বাবুল আক্তার যাদের মাধ্যমে খুনের জন্য টাকা দিয়েছিল তারা এবং বাবুলের বাসার গৃহকর্মীও আছে।
“এই মামলায় ভালো তথ্য প্রমাণ মিলেছে। তাহলে কেন এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হল?”
মোশাররফ হোসেন। ফাইল ছবি
সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ বলেন, “কোনো ঘটনায় বাদী যদি আসামি হয় তাহলে ফাইনাল রিপোর্ট (চূড়ান্ত প্রতিবেদন) দিতে পারে। সেক্ষেত্রে নিয়ম হলো পুলিশ বাদী হয়ে অন্য একটি মামলা করবে।
“তদন্তকারী সংস্থা পিবিআই বাবুলের করা মামলায় আদালতে ফাইনাল রিপোর্ট দেবার সময় যখন আদালতে জানালো যে, বাবুলের জড়িত থাকার তথ্যপ্রমাণ তারা পেয়েছে। তখনই তো তার বিরুদ্ধে মামলার করার গ্রাউন্ড তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে পুলিশ বাদী না হয়ে আমি বাদী হয়েছি। এটুকুই শুধু ব্যতিক্রম।”
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যার পর তৎকালীন পুলিশ কর্মকর্তা বাবুল একটি হত্যা মামলা করেছিলেন।
পাঁচ বছর পর সেই হত্যাকাণ্ডে খোদ বাদী বাবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে গত বছরের মে মাসে তার করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। এর পরপরই বাবুলকে আসামি করে ১২ মে নতুন একটি হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ।
নতুন মামলায় প্রধান আসামি করা হয় বাবুলকে। নয়জনকে আসামি করে দায়ের হওয়া সেই মামলাও তদন্ত করছিল পিবিআই। নতুন মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখাতে গত ৯ জানুয়ারি আদালতের আদেশও হয়।
কিন্তু বাবুল আপত্তি তোলার পর গত ২৫ জানুয়ারি মোশাররফ হোসেনের করা নতুন মামলাটিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই।
সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ বলেন, “একই ঘটনায় সচরাচর দুটি মামলা চলে না। কিন্তু এ বিষয়ে আদালত তো কোনো আদেশ দেননি বা আদালতে আসামি বা বাদী কেউ আবেদন করেননি। তাহলে পিবিআই আমার মামলায় কেন চূড়ান্ত প্রতিবেদন দিতে গেল?
“পিবিআই রিভিশন করতে পারত। প্রয়োজনে উচ্চ আদালতেও যেতে পারত। তা না করে আমার মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হল।”
বাবুল আক্তার। ফাইল ছবি
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক ২৫ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “মূলত এটা এই মামলায় তদন্ত সমাপ্ত করার প্রতিবেদন। সেই সঙ্গে এই মামলায় থাকা আসামি, সাক্ষীর জবানবন্দিসহ প্রাসঙ্গিক নথিপত্র এই ঘটনায় বাবুল আক্তারের করা মামলাটিতে যুক্ত করার একটি আবেদনও করা হয়েছে।”
মিতুর বাবা মোশাররফ বলেন, “আমার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিলে তো বাকি থাকে বাবুলের করা মামলা। সে মামলাটি ঘটনার পরই নিজেকে রক্ষা করতে বাবুল করেছিল। অন্য আসামিদেরও আড়াল করে করা সেটি একটি মিথ্যা এজাহার।”
তিনি বলেন, “বর্তমান আইও আমার মামলা মাত্র ৩৪ দিন তদন্ত করেছেন। আমার মামলার আসামি-সাক্ষীর জবানবন্দিসহ নথিপত্র বাবুলের করা মামলায় যুক্ত করার আবেদন করল, অথচ আমার মামলা চলতে আইনত কোনো বাধা নেই।
“তাই আমার মামলায় দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে নারাজি আবেদন করেছি। এবং মামলাটি পুনঃতদন্তের কাজ সিআইডি বা র্যাবকে দিতে আবেদন করা হয়েছে। আদালত ৬ মার্চ এ বিষয়ে শুনানির জন্য দিন রেখেছেন।”
আরও পড়ুন
