১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

চুয়াডাঙ্গাকে ছাপিয়ে পাঁচ দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেখানে। হালকা বৃষ্টির আভাস চট্টগ্রাম ও সিলেটে।

দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

তীব্র গরমে রিকশায় বসে জিরিয়ে নেওয়ার সময় উপরের দিকে অসহায়ভাবে তাকিয়ে আবহাওয়ার অবস্থা বোঝার চেষ্টায় ঢাকার এক রিকশাচালক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 05:51 PM

Updated : 17 Apr 2023, 07:13 PM

জনজীবনে দুর্ভোগ বয়ে আনা টানা দুই সপ্তাহের চলমান তাপপ্রবাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে গেছে ঈশ্বরদী; পাঁচ দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার এ উপজেলায়।

সোমবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমলেও বেড়েছে রাজশাহী অঞ্চলে। দেশজুড়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ অব্যাহত থাকার মধ্যে এদিন ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

Image

তীব্র গরমে সোমবার দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরের কয়লা ঘাট এলাকায় পানি নিয়ে খেলায় মেতে উঠে শিশুরা। ছবি: তাওহীদুজ্জামান তপু

ঘরে-বাইরে নিদারুণ ভোগান্তির মধ্যেও আবহাওয়া অফিস খুব একটা সুসংবাদ দিতে পারছে না। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটে হালকা বৃষ্টির আভাসের কথা বলা হলেও বিরাজমান তাপপ্রবাহ আরও দুয়েকদিন অব্যাহত থাকার শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

তিনি জানান, ঈদের আগে-পরে ২০-২৪ এপ্রিলের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

তাপমাত্রা পরিমাপে পারদের ওঠানামায় এদিন কিছুটা হেরফের হলেও রাজধানীসহ দেশজুড়ে গরমের তীব্রতা কমেনি। ঘরে বাইরে প্রখর তাপে মানুষ ভুগছে। নিত্য প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তাদের হাঁফফাঁস অবস্থা ছিল অবর্ণনীয়।

পুরানো খবর:

ঢাকায় পারদ উঠেছে আরও, এমন তাপদাহ ‘আরও কয়েক দিন’

পুরানো খবর:

বর্ষবরণের দিনে তপ্ত ঢাকা, ‘গরমটা আজ টের পাচ্ছি’

তবে বেশ কয়েকদিন বাদে দখিনা বাতাস আসতে শুরু করায় ঢাকাসহ কিছু কিছু এলাকায় তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমেছে। এতে স্বস্তির দেখা মেলেনি। কেননা বাতাসে জলীয় বাষ্প বাড়তে থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ শাহীনুল জানান, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির আভাস রয়েছে। তবে ঢাকায় দুয়েকদিনের মধ্যে তেমন আভাস নেই।

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোয় সোমবার ঈশ্বরদীর তাপমাত্রা সর্বোচ্চ। রাজশাহী অঞ্চলে বরাবরের মত এবারও তাপপ্রবাহ হয়, বৃষ্টিপাত না থাকায় দ্রুত তাপমাত্রা বেড়েছে।

সোমবার পাবনার ঈশ্বরদীতে এ মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার দুদিন আগে শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।

আর আগের দিন রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তারও আগে ১৯৯৫ সালে এবং ২০০২ সালে দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল সোমবারের সমান, ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। দেশের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়ামে, দেশে আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এটাই সর্বোচ্চ।

এদিকে রাজধানীতে সোমবার তাপমাত্রা সামান্য কমেছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস।

আগের দিন রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস; যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। তার আগে ১৯৬৫ সালে এপ্রিল মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। আর ১৯৬০ সালে ঢাকায় পারদ উঠেছিল রেকর্ড ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

পুরানো খবর:

দখিনা বাতাসের দেখা নেই, গরমে হাঁসফাঁস

পুরানো খবর:

মৌসুমের উষ্ণতম দিন পার, বৈশাখের প্রথম দিনও হবে তপ্ত

পুরানো খবর:

দেশে আট বছরের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে

পুরানো খবর:

বদলাচ্ছে তাপদাহের মানচিত্র

পুরানো খবর:

ঢাকা নগরীতে ২৫ ‘হিট আইল্যান্ড’

পুরানো খবর:

ঢাকা, রাজশাহী, খুলনায় তীব্র তাপপ্রবাহের আভাস

পুরানো খবর:

দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হারাতে পারে এই গরমে

পুরানো খবর:

তাপপ্রবাহ নিয়ে কৃষি অধিদপ্তরের সতর্কতা

পুরানো খবর:

বৃষ্টি কবে? আভাস দিল আবহাওয়া বিভাগ