গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ‘ঝুঁকি’ থাকেই: পুলিশ
পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলছেন, ঝুঁকি এড়াতে সারাদেশে সতর্কতা বজায় রাখা হয়েছে।
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের নিয়ে ‘ঝুঁকি থেকে যায়’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঝুঁকি এড়াতে সারাদেশে পুলিশ ইউনিট ও বর্ডার নিয়ন্ত্রণে যারা রয়েছেন, তাদের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
ঢাকার চকবাজারে হত্যাকাণ্ডের একটি ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডেকেছিল পুলিশ। সেখানে তিন দিন আগে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পুলিশের যুগ্ন কমিশনার বিপ্লব বিজয় বলেন, “যে দুই জঙ্গি পালিয়েছে তাদের ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি পলাতক জঙ্গিদের গ্রেপ্তার করতে।”
রোববার মোহাম্মদপুর থানার একটি মামলার আসামিদের হাজিরার তারিখ ছিল। হাজিরা শেষে তাদের হাজতখানায় নেওয়ার পথে পুলিশের ওপর কোনো রাসায়নিক স্প্রে ছিটিয়ে দুজনকে ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলে করে চলে যায় তাদের সহযোগীরা।
ওই দুই জঙ্গি হলেন প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব। তারা দুজনেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা।
ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশ সদরদপ্তর দুটি তদন্ত কমিটি করেছে। ‘রেড অ্যালার্ট’ জারির পাশাপাশি দুই জঙ্গিকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছে ১০ লাখ টাকা করে পুরস্কার।
সারা দেশে আদালত ও কারাগারগুলোর নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নিয়েছে পুলিশ। কারা কর্তৃপক্ষ এখন আবার জঙ্গি ও চাঞ্চল্যকর মামলার আসামিদের ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে পাঠানো শুরু করেছে।
আরও খবর
