২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েও খালিহাতে ফেরা

কম দামে পেঁয়াজ কিনতে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে।

ফয়সাল আতিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 11:53 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

চাপ বেশি থাকায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন না থাকায় ক্ষণে ক্ষণেই বিক্রয়কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন ক্রেতারা, মারামারি বাঁধছে ক্রেতাদের মধ্যেও।

পেঁয়াজের দাম হঠাৎ করেই ৩০-৪০ টাকা থেকে আড়াইশ টাকায় পৌঁছে যাওয়ার পর সরকারের উদ্যোগে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে ট্রাকসেল শুরু হয়।

রাজধানীর ৫০টি স্থানে ট্রাকে করে ৪৫ টাকা দরে এই পেঁয়াজ বিক্রি চলছে বলে টিসিবি জানিয়েছে। এই ট্রাকগুলো থেকে একজন সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন।

রংপুরে টিসিবির পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন  

রাজশাহীতে পুলিশ পাহারায় টিসিবির পেঁয়াজ বিক্রি

পেঁয়াজ বিক্রির পরিসর বাড়িয়েছে টিসিবি  

সোমবার মিরপুর, কচুক্ষেত, আগারগাঁও, খামারবাড়ি এলাকায় পেঁয়াজের ট্রাকসেল কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি ক্ষেত্রেই ট্রাকে যে পরিমাণ পেঁয়াজ রয়েছে, তা কেনার লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের তুলনায় নগন্য। আর বিক্রি হচ্ছে ৪৫ টাকার বদলে ৫০ টাকায়।

বেলা আড়াইটার দিকে খামারবাড়িতে দেখা যায়, ট্রাকের পেঁয়াজ ফুরিয়ে গেলেও সেখানে দাঁড়িয়ে হা-হুতাশ করছেন জনা পঞ্চাশেক মানুষ। এক পর্যায়ে অপেক্ষমাণ ক্রেতাদের মধ্যে হাতাহাতিও বেঁধে যায়।

অপেক্ষমান ব্যক্তিদের মধ্যে শামসুল আলম নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিন ধরে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়ে খালিহাতে ফিরেছেন তিনি।

ফার্মগেইটের বাসিন্দা সত্তরোর্ধ্ব আব্রাহাম ক্রজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সকাল ১১টা থেকে লাইনে দাঁড়িয়েও পেঁয়াজ কিনতে পারেননি।

ট্রাকে পেঁয়াজ মেপে দেওয়ার দায়িত্বে থাকা আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ১০টার আগে বিক্রি শুরু না হলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে যান মানুষরা।

“অনেকেই লাইনে না দাঁড়িয়ে পেঁয়াজ চান। তাদের কারণে বহু মানুষ সিরিয়ালে দাঁড়িয়েও কিনতে পারেন না “ বলেন তিনি।

শুক্রবার ও শনিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে সকালে টিসিবির গুদাম থেকে পণ্য খালাসের পরই নির্ধারিত স্থানে চলে যান টিসিবির তালিকাভুক্ত ডিলাররা। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যেই নির্ধারিত স্থানে পৌঁছে যায় ট্রাকগুলো।

একজন ডিলার প্রতিদিন এক টন (এক হাজার কেজি) করে পেঁয়াজ তুলতে পারেন বলে জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

ফার্মগেইটের ট্রাকের ইজারাদার রফিকুল ইসলাম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেঁয়াজের বাজারের বর্তমান পরিস্থিতির কারণেই ট্রাকসেলে মানুষজন হুমড়ি খেয়ে পড়ছে। সেকারণে কিছুটা বিশৃঙ্খলাও হচ্ছে।

ট্রাককে কেন্দ্র করে পুলিশের পাহারা থাকার কথা থাকলেও তা দেখা যায়নি। পুলিশ আসবে কি না- জানতে চাইলে রফিকুল বলেন, “এবিষয়ে আমার কিছু বলার নেই। যা চোখে দেখা যায়, ঘটনাও তাই।”

পেঁয়াজের দাম দিয়েছে রসনায় লাগাম  

নেমে আবার উঠছে পেঁয়াজের দাম  

পেঁয়াজ নিয়ে নানা মত

পেঁয়াজ বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে ১০ দিনে: মন্ত্রী

ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকে এ বছর অস্থির পেঁয়াজের বাজার। তুরস্ক,মিশর, মিয়ানমার, চীন থেকে আমদানি করে সরকার বাজার সামাল দেওয়ার চেষ্টা করলেও তা এখনও সফল হয়নি।

ঢাকার খুচরা বাজারে সোমবারও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৩০ টাকা থেকে ২৪০ টাকায়। এছাড়া চীন থেকে আসা পেঁয়াজ ১৫০ টাকা, মিশরের পেঁয়াজ ১৩০ টাকায় বিক্রি হয়।

তবে দামের অস্থিরতার কারণে পাড়া-মহল্লার অনেক মুদি দোকানেই এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে না; যা এই নিত্যপণ্যের সঙ্কটে নতুন মাত্রা যোগ করেছে। 

এই পরিস্থিতিতে টিসিবের ট্রাকের সামনে পেঁয়াজ কেনার মিছিলে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি চাকরিজীবী মধ্যবিত্ত এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও দেখা যাচ্ছে।

Image
খামারবাড়ি মোড়ে টিসিবির ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ পেতে লাইন ভেঙে বেপরোয়া ক্রেতাদের এই ছবি কয়েকদিন আগের

খামারবাড়ি মোড়ে টিসিবির ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ পেতে লাইন ভেঙে বেপরোয়া ক্রেতাদের এই ছবি কয়েকদিন আগের

মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে  ৪৫ মিনিটের মতো লাইনে দাঁড়াতে হয় ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আবিরকে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভার্সিটি থেকে ফেরার পথে পেঁয়াজের ট্রাক দেখে লাইনে দাঁড়াই। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর পেঁয়াজ কেনার সুযোগ হয়েছে।”

পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার প্রতিযোগিতায় থাকা শেওড়াপাড়ার বাসিন্দা রুহুল আমিনও এই ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পেরেছেন। তবে তার সময় লেগেছে সোয়া এক ঘণ্টা।

দুপুরে কয়েক ঘণ্টা ওই ট্রাকে কাছাকাছি থেকে দেখা যায়, পুলিশের একটি টহল ভ্যান ট্রাকের পাশেই সমান্তরালভাবে দাঁড়িয়ে আছে। এই ভ্যানে থাকা পুলিশ সদস্যরাও পেঁয়াজ কিনছেন। আবার পাশে দায়িত্বরত কমিউনিটি পুলিশসহ আরও কয়েকজন লাইনে না দাঁড়িয়েই পেঁয়াজ নিয়ে যাচ্ছেন।

এই অনিয়মের বিষয়ে প্রশ্ন করলে ট্রাকসেলের এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ বা অন্য কোনো প্রভাবশালী এভাবে পেঁয়াজ চাইলে আমরা তো ফিরিয়ে দিতে পারি না।”

তবে এতে বিশৃঙ্খলা আরও বাড়বে বলে স্বীকার করেন তিনি।

কচুক্ষেতের ট্রাকসেলে গিয়েও লাইনের পাশাপাশি ভিন্ন পথে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়।

ক্রেতাদের চাপ সামাল দিতে পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়া যাচ্ছে কি না- জানতে চাইলে ট্রাকসেলের এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ তো নিজেরাই লাইন বাদ দিয়ার পেঁয়াজ নিতে চলে আসে।”

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির তাদের ট্রাকসেলে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে বলে দাবি করলেও খামারবাড়ি, কচুক্ষেত ও মিরপুর ১০ নম্বরের প্রতিটিতেই ৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

পাঁচ টাকা বেশি দামে বিক্রির কারণ জানতে চাইলে ট্রাকসেলে সম্পৃক্ত কেউ তা নিয়ে কথা বলতে চাননি।

হুমায়ুন কবির জানান, বর্তমানে ঢাকার ৫০টি স্থানে তাদের ট্রাকসেল কেন্দ্র থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন।

তবে মিরপুর ১০ নম্বরে একজন ক্রেতাকে দুই কেজি করে দেওয়া হলেও কচুক্ষেতে দেওয়া হচ্ছিল এক কেজি করে।

আরও খবর

পেঁয়াজ নিয়ে খুব বিপদে আছি: বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজের দাম নিয়ে ‘তামাশা’ হচ্ছে: সেলিম

৩ জেলায় পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদ

আগামীতে ভরা মওসুমে পেঁয়াজ আমদানি বন্ধের চিন্তা

পেঁয়াজ আনা হচ্ছে বিমানে