আগামীতে ভরা মওসুমে পেঁয়াজ আমদানি বন্ধের চিন্তা
কৃষকের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করতে সরকার ভরা মৌসুমে পেঁয়াজের আমদানি বন্ধ রাখার চিন্তা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
প্রায় ছয়গুণ বেড়ে পেঁয়াজের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর সংকটময় পরিস্থিতির মধ্যে রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, “আমরা এবার প্লান করেছি, পিক অব দ্য সিজনে, আমরা চিন্তা করছি, সিদ্ধান্ত হয় নাই, আমরা পেঁয়াজ আমদানি তখন বন্ধ রাখব। যাতে করে আমাদের চাষীরা সঠিক মূল্য পায়। ইনশাআল্লাহ এটা আমরা এবার করব। ইতোমধ্যে আমরা এটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলাদেশের আমদানি পেঁয়াজের সবচেয়ে বড় উৎস প্রতিবেশী দেশ ভারত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে পণ্যটির রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে; দেড় মাসের মাথায় তা কেজিতে আড়াইশ টাকা ছুঁয়েছে।
এমন পরিস্থিতিতে রোববার সোনারগাঁও হোটেলে ফিনল্যান্ডের সঙ্গে ব্যবসায় সম্প্রসারণ নিয়ে এফবিসিসিআইয়ের আয়োজনে এক সেমিনারের পর সাংবাদিকদের মুখোমুখি হন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, “২০-২৫ দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে এসে যাবে। আমার বিশ্বাস তখন দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। এর মধ্যে ভারতও তাদের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে।”
চাহিদার প্রায় ৭০ ভাগ পেঁয়াজ দেশে উৎপাদন হয় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “গতবছরও পেঁয়াজ আমাদের ভালো হয়েছিল। কিন্তু আগাম বৃষ্টি শুরু হওয়াতে আমাদের কৃষকরা পেঁয়াজ ঘরে তুলতে পারেন নাই।
“বিদেশ থেকে আমদানি করে আমরা এটা মেটাতে পারতাম। হঠাৎ এভাবে ইন্ডিয়া পেঁয়াজের উপর রেস্ট্রিকশন দিবে, ব্যান করবে রপ্তানি- এটা আমরা চিন্তাও করি নাই।”
কৃষি ক্ষেত্রে সরকারের সফলতা তা কেবল পেঁয়াজের কারণে ম্লান হতে পারে না বলে মন্তব্য করে তিনি।
পেঁয়াজে দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রশ্নে রাজ্জাক বলেন, বাজার চলে চাহিদা ও যোগানের উপর। মনিটরিং করে বাজার খুব একটা নিয়ন্ত্রণ করা যায় না। পুলিশ, র্যাব দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না।
