১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ব্যবহারকারীর আলাপ ‘মনে রাখবে’ চ্যাটজিপিটি

এমন ‘স্মৃতি’ ফিরিয়ে আনার লক্ষ্য হচ্ছে প্রতিজন চ্যাটজিপিটি ব্যবহারকারীর জন্য একটি সম্পূর্ণ কাস্টমাইজড এআই সহকারী সরবরাহ করা।

এবার ব্যবহারকারীর আলাপ ‘মনে রাখবে’ চ্যাটজিপিটি
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2025, 11:38 AM

Updated : 10 Sep 2026, 12:38 PM

চ্যাটজিপিটিতে বড় এক আপডেট এনেছে ওপেনএআই। এর আওতায় ব্যবহারকারীর সঙ্গে অতীতের সব ধরনের কথোপকথন বা আলাপ মনে রাখবে এআই চ্যাটবটটি।

এ নতুন ফিচারটি আগের বিভিন্ন আলাপচারিতার ওপর ভিত্তি করে নানা উত্তর তৈরিতে সাহায্য করবে চ্যাটজিপিটিকে। প্রথমবারের মতো ওপেনএআই এমন টেক্সট, ভয়েস ও ইমেজ সমন্বয়ের ফিচার নিয়ে এল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক এক্স পোস্টে বলেছেন, এমন ‘স্মৃতি’ ফিরিয়ে আনার লক্ষ্য হচ্ছে প্রতিজন চ্যাটজিপিটি ব্যবহারকারীর জন্য একটি সম্পূর্ণ কাস্টমাইজড এআই সহকারী সরবরাহ করা।

“চ্যাটজিপিটিতে আমাদের স্মৃতিশক্তি অনেক উন্নত হয়েছে। এটি এখন আপনার অতীতের সব ধরনের আলাপচারিতা মনে রাখতে পারবে।”

“আমার মতে এটি এক বিস্ময়কর ফিচার। এটি এমন এক বিষয়ের দিকে ইঙ্গিত করে, যা নিয়ে আমরা রোমাঞ্চিত। এসব এআই সিস্টেম আপনাকে সারা জীবন ধরে জানবে, অত্যন্ত কার্যকর ও ব্যক্তিগত হয়ে উঠবে।”

ফিচারটি বর্তমানে কেবল চ্যাটজিপিটির পেইড গ্রাহকদের জন্য পাওয়া যাচ্ছে। অল্টম্যান বলেছেন, প্রো ব্যবহারকারীদের জন্য এটি দ্রুত চালু হবে এটি এবং “শিগগিরই প্লাস ব্যবহারকারীদের জন্যও পাওয়া যাবে”।

ওপেনএআই বলেছে, বর্তমানে আনপেইড ব্যবহারকারীদের জন্য এ ফিচারটি আনার কোনও পরিকল্পনা নেই তাদের। তবে উন্নয়নের সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন প্রিমিয়াম ফিচার সাধারণত বিনামূল্যের সংস্করণে পাওয়া যায়।

যুক্তরাজ্য, ইইউ, আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ডের গ্রাহকদেরও নতুন এ মেমরি ফিচারটির জন্য অপেক্ষা করতে হবে। কারণ, এসব দেশে ফিচারটি দেওয়ার জন্য ইউরোপীয় কমিশনের শর্ত পূরণ করতে হবে ওপেনএআই’কে।

অল্টম্যান বলেছেন, চ্যাটজিপিটি’র নতুন মেমরি ফিচারটি ব্যবহারকারীরা চাইলে বন্ধও রাখতে পারবেন। কোনও নির্দিষ্ট ইন্টারঅ্যাকশন সংরক্ষণ করতে না চাইলে ‘টেম্পোরারি চ্যাট’ বিকল্পটিও বেছে নিতে পারেন তারা।