১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

ঝালকাঠির সড়কে ১৭ মৃত্যু: সেই বাসের সুপারভাইজার গ্রেপ্তার

দুর্ঘটনার সময় সুপারভাইজার মিজান বাসের ছাদে ছিলেন বলে র‌্যাবকে জানিয়েছেন।

ঝালকাঠির সড়কে ১৭ মৃত্যু: সেই বাসের সুপারভাইজার গ্রেপ্তার

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় সুপারভাইজার মিজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 11:10 PM

Updated : 24 Jul 2023, 11:11 PM

ঝালকাঠি সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারা বাস পুকুরে উল্টে ১৭ যাত্রী নিহতের ঘটনায় সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

দুর্ঘটনার দুদিন পর সোমবার বিকাল পৌনে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর সিপিএসসির কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. ফয়সাল ওরফে মিজান। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার মৃত মো. নুরুল ইসলামের ছেলে। 

শনিবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি পরিবহনের বাসটি পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়। আহত হয় আরও অন্তত ৩৫ জন। ঘটনার পর পরই চালক, চালকের সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান।

যাত্রীরা অভিযোগ করে বলেন, বাশার স্মৃতি পরিবহনের বাসটিতে ভেতরে প্রচুর যাত্রী দাঁড়িয়েও ছিলেন। যাত্রাপথে বিভিন্ন জায়গা থেকে বাসভর্তি করে যাত্রী তোলা হয়। একপর্যায়ে ভেতরে জায়গা না পেয়ে যাত্রীদের ছাদের উপরে তোলা হয়।

দুর্ঘটনার সময় সুপারভাইজার মিজানও বাসের ছাদে ছিলেন বলে র‌্যাবকে জানিয়েছেন।

সুপারভাইজারের বরাত দিয়ে র‌্যাবের কমান্ডিং অফিসার মেজর জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনার সময় চালক মোহন বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এ সময় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গেও তর্ক-বিতর্ক করছিলেন। হঠাৎ করেই একটি অটোরিকশা সামনে পড়ে। তখন চালক পাশ কাটাতে যায়। বাসের গতি বেশি থাকায় পাশ কাটিয়ে উঠতে পারেননি। বাস পুকুরে পড়ে। ছাদে থাকায় মিজান রক্ষা পেয়েছেন।”

দুর্ঘটনার পর পরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে জানিয়ে মেজর জাহাঙ্গীর বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুপারভাইজার মিজানের অবস্থান শনাক্ত করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেছে। মিজানকে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।  

আরও পড়ুন:

ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭ মৃত্যুর ঘটনায় পুলিশের মামলা

ঝালকাঠিতে বাস পুকুরে: ৩০ ঘণ্টায়ও মামলা হয়নি, নেই গ্রেপ্তার

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে: তদন্তে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটি

পুকুরের গভীরতার কারণেই মৃতের সংখ্যা বেড়েছে: ফায়ার সার্ভিস

ঝালকাঠিতে বাস পুকুরে: নিহতদের পরিচয় মিলেছে, দুজন মর্গে

বাসটি ছিল যাত্রীতে ঠাসা, চালককে দুষছেন সবাই

ঝালকাঠিতে বাস পুকুরে: চিকিৎসার জন্য বেরিয়ে সড়কেই মৃত্যু আটজনের

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত ১৭